কুমিল্লায় যুবলীগ নেতা হত্যার ঘটনায় গ্রেফতার ৭

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় এক যুবলীগ নেতাকে খুনের ঘটনায় সাতজনকে গ্রেফতার করা হয়েছে। নিহত হিতু মিয়া (৩২) ওই উপজেলার হাসনাবাদ ইউপির এক নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন এবং কাশই গ্রামের আবদুর রহিমের ছেলে।
 
বৃহস্পতিবার দুপুরে ১৬ জনকে আসামি করে নিহতের বাবা মামলাটি করেন।
 
পুলিশ জানায়, কাশই গ্রামে একটি বিয়ে বাড়িতে কয়েকদিন আগে দুই পক্ষের বাক্বিতণ্ডা হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে বুধবার সন্ধ্যায় কাশই বাজারে আবার দুই পক্ষ ঝগড়ায় লিপ্ত হয়। এ সময় তাদের ঝগড়া থামাতে গিয়ে এক পক্ষের শাবলের আঘাতে হিতু মিয়ার মাথা ফেটে যায়। তাকে গুরুতর আহত অবস্থায় পার্শ্ববর্তী লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হলে রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান। বৃহস্পতিবার দুপুরে মামলা হলে এর কিছুক্ষণ পরই সাতজনকে গ্রেফতার করা হয়। এ মামলা প্রধান আসামি আরিফকেও গ্রেফতার করা হয়েছে।
 
মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামছুজ্জামান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এএসএমইউ