ঝিনাইগাতীতে বিজিবি সদস্যকে আহত করে আসামি ছিনতাই

ঝিনাইগাতী উপজেলার তাওয়াকুচায় ৪ বিজিবি সদস্যকে আহত করে আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার রাতে এ ঘটনা ঘটে। আহত বিজিবি সদস্যরা হলেন- তাওয়াকুচা সীমান্ত ফাঁড়ির হাবিলদার ইলিয়াস, লে. নায়েক মোশারফ হোসেন, লে. নায়েক মাহমুদ ও সিপাহী শহিদুল ইসলাম। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 
 
এ ব্যাপারে বিজিবি’র পক্ষ থেকে ৩০ জনকে আসামি করে ঝিনাইগাতী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। নকসী বিজিবি সীমান্ত ফাঁড়ির কোম্পানি কোমান্ডার সুবেদার মো. নাজিম উদ্দিন জানান, ঘটনার দিন সন্ধ্যায় তাওয়াকুচা সীমান্ত ফাঁড়ির বিজিবি টহলদল ইয়াবা পাচারের সময় স্থানীয় রেহাল (২২) নামে এক যুবককে আটক করে। রেহাল মোটরসাইকেলযোগে ইয়াবা পাচার করছিল বলে জানা গেছে। 
 
সোমেশ্বরী নদীর বালিজুরী ব্রিজের উপর রেহালের লোকজন এসে বিজিবি সদস্যদের ওপর আক্রমণ করে। এতে ওই ৪ বিজিবি সদস্য আহত হন। এ সময় বিজিবি সদস্যদের হাতে থাকা ১টি চাইনিজ রাইফেল ভেঙ্গে ফেলে হামলাকারীরা। খবর পেয়ে তাওয়াকুচা বিজিবি ক্যাম্প থেকে অন্যান্য সদস্যরা ঘটনাস্থলে এসে রেহালের লোকজনকে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিজিবি’র লাঠি চার্জে নারী-পুরুষসহ ৬জন আহত হয়। 
 
ওসি মিজানুর রহমান এ বিষয়ে ৩০জনের বিরুদ্ধে মামলা হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।