যশোরের মণিরামপুরে গাছচাপা পড়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে মণিরামপুর-ঢাকুরিয়া সড়কের গাংড়া মোড়ে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার নাউলী গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য কুমারেশ বিশ্বাস (৬০) ও সদর উপজেলার মালঞ্চি গ্রামের আব্দুল হামিদ (৫০)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, জয়নগর গ্রামের মতলেব গাজীর রাস্তার পাশের জমি থেকে বিক্রি করা গাছ কাটছিলেন কয়েকজন লোক। এ সময় জয়পুর গ্রামের রেজোয়ানের মোটরসাইকেল করে কুমারেশ ও আব্দুল হামিদ মণিরামপুর শহর থেকে ঢাকুরিয়া দিকে যাচ্ছিলেন। গাংড়া মোড়ে পৌঁছালে ওই গাছটি তাদের ওপর পড়ে। এ সময় কুমারেশ ও আব্দুল হামিদ ঘটনাস্থলেই নিহত হন। তবে মোটরসাইকেল চালক বেঁচে যান।
মণিরামপুর থানার ওসি বিপ্লব কুমার নাথ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ইত্তেফাক/ইউবি