মঠবাড়িয়ায় ২ পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১৩

পিরোজপুরের মঠবাড়িয়া জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ১৩ জন আহত হয়েছেন। 
 
উপজেলার টিকিকাটা ইউনিয়নের ভেচকী গ্রামে বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে গুরুতর আহত শাহিনুর বেগম, কামাল মল্লিক, হিরু মল্লিক, দুলাল মল্লিক, জসিম মাতুব্বর, মিলন মাতুব্বর, ইদ্রিস মাতুব্বরকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 
জানা গেছে, উপজেলার ভেচকী গ্রামের রত্তন মল্লিকের ছেলে কামাল মল্লিকের সঙ্গে প্রতিবেশী আজিজ মাতুব্বরের ছেলে জসিম মাতুব্বরের জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার সকালে কামাল মল্লিক ওই জমিতে চাষাবাদ করতে গেলে জসিম মাতুব্বরের লোকজন কামাল মল্লিককে মারধর করে। একপর্যায় উভয় পক্ষ লাঠিসোঠা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময়  কামাল মল্লিকের স্ত্রী শাহীনুর বেগম (৪০), কামাল মল্লিক (৪৫), হিরু মল্লিক (৩০) ও দুলাল মল্লিক (৩৫) আহত হন । অপর দিকে জসীম মাতুব্বর পক্ষে ইদ্রিস মাতুব্বর (৪২), মিলন মাতুব্বর (৫৫), রুবেল (২৪), জসিম মাতুব্বর (৪৫), সাদ্দাম (২৫), নাঈম (১৯), সাব্বির (১৪) ও রিপন মৃধাসহ (২৫) আরো তিনজন আহত হন।
 
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান  জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 
ইত্তেফাক/ইউবি