পাবনা সদর উপজেলার আরিফপুরে ‘তাসমিম কসমেটিক্স’ নামে নকল প্রসাধনী তৈরি কারখানার সন্ধান পেয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার ওই নকল কারখানায় অভিযান চালিয়ে প্রায় ৫০ লাখ টাকার ভেজাল ও নকল প্রসাধনী সামগ্রী জব্দ করার পর ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানা ইসলাম জানান, সদর উপজেলার আরিফপুর গ্রামের বাবু প্রামানিকের স্ত্রী শারমিন খান দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে ‘তাসমিম কসমেটিক্স’ নামের কারখানায় নকল ও ভেজাল প্রসাধনী তৈরি এবং বাজারজাত করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমান আদালতের নেতৃত্বে দেন র্যাব-১২ পাবনার কোম্পানি কমান্ডার বীনা রানী দাস ও সদর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হানা ইসলাম।
পরে ওই বাড়ির একটি কক্ষ থেকে বিপুল পরিমাণ ১৪ রকমের নকল প্রসাধনী, প্রসাধনী তৈরির কেমিকেল ও মোড়ক জব্দ করা হয়। যার বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা।
ইত্তেফাক/ইউবি