শনিবার ঢাকা জেলা ব্র্যান্ডিং বিষয়ক কর্মশালা

বিশ্ববাসীর নিকট ঢাকাকে অর্থনৈতিক সমৃদ্ধ অঞ্চল হিসেবে পরিচিত ও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে ঢাকা জেলা ব্র্যান্ডিং বিষয়ক কর্মশালা আয়োজন করতে যাচ্ছে জেলা প্রশাসন। শনিবার রাজধানীর ইস্কাটনস্থ বিয়াম অডিটোরিয়ামে এই কর্মশালা অনুষ্ঠিত হবে।
 
কর্মশালায় মন্ত্রিপরিষদ বিভাগের সচিব এম জিয়াউল আলম (সমন্বয় ও সংস্কার) কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিভাগীয় কমিশনার হেলালুদ্দিন আহমেদ। ঢাকার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন কর্মশালায় সভাপতিত্ব করবেন।
 
ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান জানান, জেলা প্রশাসন, ঢাকা কর্তৃক ‘ঢাকা জেলাকে ব্র্যান্ডিং’ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শতাব্দী প্রাচীন ঢাকাকে ব্র্যান্ডিং এর জন্য একটি লোগো এবং থিম/শ্লোগান তৈরি করা হবে।বিশ্ববাসীর কাছে ঢাকাকে গ্রহণযোগ্য ও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে, ঢাকা জেলার জন্য একটি সুন্দর লোগো ও থিম তৈরির উন্মুক্ত প্রতিযোগিতা আহবান করা হয়েছে।
 
কর্মশালায় প্রতিযোগীদের মধ্যে প্রেরিত সেরা লোগো ও থিম চূড়ান্তভাবে নির্বাচিত করা হবে।  কর্মশালায় প্রায় ১৫০জন সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, এনজিও প্রতিনিধি ও গণমাধ্যম ব্যাক্তিত্বগণ উপস্থিত থাকবেন।
 
ইত্তেফাক/এসএসএ