'বেগম জিয়া নতুন প্রজন্মকে ধ্বংস করতে চায়'

মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের আহ্বায়ক ও নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, 'বিএনপি নেত্রী বেগম জিয়া নতুন প্রজন্মকে জঙ্গিবাদের দিকে ঠেলে দিয়ে তাদের ধ্বংস করতে চায়।'
 
তিনি বলেন, 'নতুন প্রজন্ম সাময়িকভাবে বিভ্রান্ত হতে পারে। এ প্রজন্ম যদি রুখে দাড়ায় তাহলে বেগম জিয়ার তক্ত তাউস ভেঙ্গে খান খান হয়ে যাবে।' মন্ত্রী বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের ভি আইপি লাউঞ্জে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রজন্ম মঞ্চ আয়োজিত 'জঙ্গিবাদ, সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা সহ সকল অপশক্তির বিরুদ্ধে রুখে দাড়াও' শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
 
অনুষ্ঠানে নৌ পরিবহন মন্ত্রী বলেন, 'আজকে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের পথের দিকে যাবার আহ্বান জানান হচ্ছে। নতুন প্রজন্মই সকল অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে তাদের প্রতিহত করতে পারে।'
 
বৃহস্পতিবার ঢাকায় পাকিস্তান ও বাংলাদেশে সচিব পর্যায়ে বৈঠক ছিল। সে বৈঠক পাকিস্তান বাতিল করেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, 'কারণ জামাত নেতা মীর কাসেম আলীর ফাঁসির আদেশ হয়েছে। এজন্য বাংলাদেশের জামাতে ইসলামীর সাথে সংহতি প্রকাশের জন্য পাকিস্তান সে বৈঠক বাতিল করেছে। পাকিস্তানি সংসদে মুজাহিদ, নিজামী কাদের মোল্লার জন্য দুঃখ প্রকাশ করেছে। কারণে বাংলাদেশে তারা তাদের দিয়ে গণহত্যা চালিয়েছে।'
 
'আমরা পাকিস্তানিদের কাছ থেকে আমদের ন্যায্য হিস্যা চাই। বাংলাদেশ-পাকিস্তানের কাছে ২শ' মিলিয়ন ডলার পায়' বলে মন্তব্য করে শাজাহান বলেন, '১৯৭০ সালের ১২ নভেম্বর এ দেশে যে প্রলয়ঙ্কাকারী বন্যা হয়েছিল সে বন্যায় লাখ লাখ লোক মারা যায়। তা দেখে বিদেশীরা আমাদের বিলিয়ন বিলিয়ন ডলার সাহায্য করেছিল। সে সাহায্য বণ্টন নাকরে তৎকালীন পাকিস্তানের ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানে পাকিস্তানি সামরিক জান্তারা জমা রাখে। সে টাকা আমরা ফেরত চাই।'
 
ইত্তেফাক/এসএস