কুমিল্লায় যুবলীগ হত্যা : আরো এক আসামি গ্রেফতার

কুমিল্লায় যুবলীগ নেতা তারিকুল হাসান টিটু হত্যা মামলায় লিমন ওরফে মোটা লিমন নামে আরো এক আসামিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
 
বৃহস্পতিবার বিকালে ১০ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
 
জানা গেছে, গত ৩০ আগস্ট নগরীর ঠাকুরপাড়া এলাকার একটি পরিত্যক্ত বাড়ির সেপটিক ট্যাংক থেকে জেলার দেবিদ্বার পৌর যুবলীগের সহ-সভাপতি তারিকুল হাসান টিটুর মাথার খুলি ও হাড়গোড় উদ্ধার করে ডিবি পুলিশ। এ ঘটনায় টিটুর মা রাজিয়া সুলতানা বাদী হয়ে ৭ জনকে আসামি করে ওইদিন কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন।
 
বুধবার রাতে জেলার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকা থেকে ডিবি পুলিশ এ মামলার আসামি নগরীর ঠাকুরপাড়া এলাকার লিলু মিয়ার ছেলে লিমন ওরফে মোটা লিমনকে (৩০) গ্রেফতার করে। 
 
প্রসঙ্গত, ২০১৫ সালের ২ জুলাই টিটু ও তার বন্ধুরা নগরীর ঠাকুরপাড়া শ্মশানঘাটে গিয়ে নেশা করেন। এ সময় পূর্ব বিরোধ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে গুলি করলে টিটু গুরুতর আহত হন। পরে তাকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে শ্বাসরুদ্ধ করে মৃত্যু নিশ্চিত করে একটি বস্তায় ভর্তি করে ওই এলাকার একটি পরিত্যক্ত বাড়ির সেপটিক ট্যাংকে ফেলে গুম করা হয়।
 
ইত্তেফাক/ইউবি