মানিকগঞ্জে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

মানিকগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন ও দুইজনকে ১৪ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত।
 
বৃহস্পতিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হাছিনা রৌশন জাহান আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
 
সাজাপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার বৈতরা গ্রামে ফরজ আলীর ছেলে মো. রফিক, উচুটিয়া গ্রামের হেলাল উদ্দিনের ছেলে হুমায়ুন ও বৈতরা গ্রামের লাল মিয়ার ছেলে জুয়েল।
 
প্রসঙ্গত, ২০০৯ সালে ১৮ জানুয়ারি মানিকগঞ্জ সদর উপজেলার একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ওই শিক্ষার্থীকে তার বাবার অসুস্থতার কথা বলে আসামিরা কৌশলে অপহরণের পর ধর্ষণ করে। এ ঘটনায় শিক্ষার্থীর বাবা বাদী হয়ে ৫ জনকে আসামি করে মানিকগঞ্জ সদর থানায় মামলা করেন। পুলিশ ৫ জনের বিরুদ্ধেই আদালতে অভিযোগপত্র দেয়। পরে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামি রফিককে ১৪ বছর সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেন আদালত। একই সঙ্গে অপর একটি ধারায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।
 
এ ছাড়া নারী ও শিশু নির্যাতন দমন আইনে হুমায়ুন  ও  জুয়েলকে ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড দেয়া হয় এবং জরিমানা অনাদায়ে প্রত্যেককে ৩ মাসের করে কারাদণ্ড দেয়া হয়।
 
 
ইত্তেফাক/ইউবি