কমলাপুরে চতুর্থ দিনেও ছিল উপচেপড়া ভিড়

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রির চতুর্থ দিন বৃহস্পতিবার কমলাপুর রেলস্টেশনে উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। বুধবার রাত থেকেই টিকিট প্রত্যাশীরা। 
 
বৃহস্পতিবার পূর্বনির্ধারিত সকাল ৮টা থেকে একযোগে ১৩টি কাউন্টার থেকে ৩১টি আন্তঃনগর ট্রেনের ১০ সেপ্টেম্বরের টিকিট বিক্রি হয়েছে। অপর দিকে শুক্রবার থেকে ঢাকা-দিনাজপুর রেলপথে ব্রডগেজ ট্রেন ও ঢাকা-মোহনগঞ্জ রুটে নতুন এক জোড়া ট্রেন চালু হচ্ছে। এছাড়া নতুন বগি সংযোজন তিস্তা এক্সপ্রেস ট্রেনে।
 
টিকিট প্রত্যাশীরা জানিয়েছেন, পবিত্র ঈদুল আজহার সরকারি ছুটি শুক্রবার (৯ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে। তবে বেসরকারি চাকরিজীবীদের শনিবার (১০ সেপ্টেম্বর) পর্যন্ত অফিস করতে হবে। তাই ১০ ও ১১ সেপ্টেম্বরের  টিকিটের চাহিদা বেশি। এর আগে বুধবার (৩১ আগস্ট) দেওয়া হয়েছে ৯ সেপ্টেম্বরের আগাম টিকিট। আজ শুক্রবার (২ সেপ্টেম্বর ) বিক্রি হবে ১১ সেপ্টেম্বরের  টিকিট। অপর দিকে ৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে ফিরতি টিকিট বিক্রি, চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত।
 
কমলাপুর রেলস্টেশন ম্যানেজার সীতাংশু চক্রবর্তী জানান, চতুর্থ দিনেও ৩১টি আন্তঃনগর ট্রেনের ২২ হাজার ২৭৬টি আগাম টিকিট বিক্রি করা হয়েছে। তবে এর মধ্যে ২৫ শতাংশ দেওয়া হচ্ছে অনলাইনে, ৫ শতাংশ ভিআইপি কোটা ও ৫ শতাংশ রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য বরাদ্দ রয়েছে। বাকি ৬৫ শতাংশ টিকিট আগাম বিক্রি করা হচ্ছে।
 
এক জোড়া নতুন ট্রেন 
 
শুক্রবার ঢাকা-দিনাজপুর রেলপথে দ্রুতযান ও একতা আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন ব্রডগেজ কোচ দিয়ে চলাচল করবে। এই ট্রেন চালু হলে ঢাকা ও দিনাজপুরের মধ্যে চলাচলকারী ট্রেন দুটির সময় কমপক্ষে এক ঘণ্টা হ্রাস পাবে। এ ছাড়া আগামী ৮ সেপ্টেম্বর ঢাকা-মোহনগঞ্জ রুটে মোহনগঞ্জ এক্সপ্রেস নামে এক জোড়া নতুন আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন চলাচল করবে।
অপরদিকে আজ থেকে ঢাকা-সিলেট রুটে চলাচলকারী পারাবত আন্তঃনগর এক্সপ্রেস এবং ঢাকা-দেওয়ানগঞ্জ তিস্তা আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন আমদানি করা নতুন রেলওয়ে কোচ দিয়ে পরিচালনা করা হবে।
 
এ ছাড়া আগামী ৮ সেপ্টেম্বর থেকে ঢাকা-খুলনার মধ্যে চলাচলকারী সুন্দরবন আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন আমদানি করা নতুন রেলওয়ে বগি দ্বারা পরিচালনা করা হবে।
 
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেন জানিয়েছেন, যাত্রীদের অধিকতর সেবা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ রেলওয়ে বিভিন্ন রুটে আমদানি করা নতুন রেলওয়ে কোচ দিয়ে ট্রেন পরিচালনা করবে। এতে যাত্রীরা নিরাপদ ও আরামদায়কভাবে যাতায়াত করতে পারবে। 
 
 
ইত্তেফাক/এমআই