রাবিতে প্রাণিবিদ্যা বিভাগের জাদুঘর উদ্বোধন

সংস্কারের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগে প্রফেসর মুস্তাফিজুর রহমান মেমোরিয়াল মিউজিয়াম এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার প্রাণিবিদ্যা বিভাগে এক অনুষ্ঠানে এই জাদুঘরের উদ্বোধন করেন প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন। আগামী শনিবার পর্যন্ত তিন দিনব্যাপী প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত জাদুঘরটি খোলা থাকবে। 
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপউপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান ও কোষাধ্যক্ষ অধ্যাপক সায়েন উদ্দিন আহমেদ। বিভাগের সভাপতি অধ্যাপক সেলিনা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান রাখেন অধ্যাপক নজরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের শিক্ষক প্রফেসর রেজিনা লাজ। পরে উপাচার্যসহ অতিথিবৃন্দ জাদুঘর উদ্বোধন উপলক্ষে আয়োজিত প্রদর্শনী ঘুরে দেখেন।
 
জাদুঘরের উপকিউরেটর ড. আঞ্জুমান আরা আলী জানান, ‘পরিফেরা পর্ব থেকে কর্ডাটা পর্যন্ত প্রায় ৪৪২ প্রজাতির এক হাজার পাঁচশ ৩৩টি প্রাণীর নমুনা সংরক্ষণ করা আছে এ জাদুঘরে। এদের মধ্যে পাখি, সরিসৃপ, স্তন্যপায়ী, সব ধরনের প্রাণীই রয়েছে। এছাড়া সামুদ্রিক মাছ, বিরল প্রজাতির জীবাশ্ব ফসিল পেট্রোমাইজন ও মেঙিন, ১৯ প্রজাতির ৩৩টি কোরাল এবং ৪৫ প্রজাতির মলাস্কাল শেলও আছে। এখানে মানুষের কঙ্কালের পাশাপাশি রয়েছে হাতি ও ঘোড়ার কঙ্কাল।
 
তিনি আরো জানান, এসব প্রাণীর মধ্যে ১৪২ প্রজাতির ফসিল রয়েছে যা বর্তমানে দুর্লভ। এখানে কিছু প্রাণীকে শুকনো অবস্থায় আর কিছু ফরমালিনে ডুবিয়ে সংরক্ষণ করা হয়েছে। জাদুঘরটি দেশের মধ্যে সমৃদ্ধতম প্রাণিবিদ্যা বিষয়ক জাদুঘর বলে জানান তিনি।
 
প্রসঙ্গত, প্রাণিবিদ্যা বিভাগের প্রাক্তন অধ্যাপক মুস্তাফিজুর রহমান ১৯৬৯ সালে জাদুঘরটি প্রতিষ্ঠা করেন। তার নামানুসারেই জাদুঘরটির নাম রাখা হয়েছে প্রফেসর মুস্তাফিজুর রহমান মেমোরিয়াল মিউজিয়াম। ৪০ লাখ টাকা ব্যয়ে জাদুঘরটির আধুনিকায়ন করার পর বৃহস্পতিবার উদ্বোধন করা হলো।