সিঙ্গাপুরে জিকা ভাইরাসে আক্রান্ত ১০০ জনের মধ্যে ছয়জন বাংলাদেশি রয়েছে বলে বুধবার যে খবর প্রকাশিত হয়েছে সে প্রেক্ষিতে ইন্সটিটিউট অব এপিডিমোলজি, ডিজিজ কন্ট্রোল এন্ড রিসার্চ (আইইডিসিআর) বৃহস্পতিবার বলেছে, জিকা ভাইরাসে আক্রান্ত হওয়ার ব্যাপারে বাংলাদেশের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।
আইইডিসিআর-এর পরিচালক প্রফেসর মিরজাদী মেহজাবিন ফ্লোরা বলেন, ‘আমাদের দেশে জিকা ভাইরাসের ব্যাপারে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।’
তিনি আরো বলেন, বিদেশ থেকে আসা জিকা ভাইরাস আক্রান্ত যাত্রীদের শনাক্ত করার সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে আন্তর্জাতিক বিমান বন্দরগুলোতে থার্মাল স্ক্যানার স্থাপন।
তিনি বলেন, জিকা ভাইরাস আক্রান্ত কাউকে পাওয়া গেলে তাত্ক্ষণিকভাবে তাকে পৃথক করে আরো পরীক্ষা করার ব্যবস্থা করা হবে।
বিশেষজ্ঞরা বলছেন, এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন শহরের একটি হলো সিঙ্গাপুর। সেদেশের স্বাস্থ্য পরিচর্যার মানও উন্নত। এটি একটি ঘনবসতিপূর্ণ দ্বীপরাষ্ট্র। বৃষ্টিপাত হয় প্রচুর। সেখানে ডেঙ্গু জ্বরের প্রকোপ বেশি। একই মশা এডিস যেমন ডেঙ্গু ভাইরাস বহন করে তেমনি জিকা ভাইরাসও বহন করে।
ইত্তেফাক/এএম।