বৃক্ষরোপণ সামাজিক আন্দোলনে পরিণত হয়েছে: আনোয়ার হোসেন মঞ্জু

পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, বৃক্ষরোপণ এখন সারাদেশে একটি সামাজিক আন্দোলনে পরিণত হয়েছে। ছোট দেশ হিসেবে জায়গার সীমাবদ্ধতা থাকলেও দেশে বনায়ন বেড়েছে। গতকাল বৃহস্পতিবার জাতীয় বৃক্ষমেলা-২০১৬ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
আনোয়ার হোসেন মঞ্জু বলেন, আমরা অনেকেই যখন শিল্পায়নের কথা বলি তখন উন্নত দেশের উদাহরণ দেই। তেমনিভাবে বনায়নের কথা বললেও আমাদের চোখের সামনে উন্নত দেশের চিত্র ভাসে। কিন্তু মনে রাখতে হবে জনসংখ্যা অনুপাতে বাংলাদেশের জায়গা অনেক কম। এর মধ্যেও সরকারি এবং বেসরকারি পর্যায়ে সবাই কিছু কিছু গাছ লাগাচ্ছে। সাপ্তাহিক বাজারে গিয়ে তারা অন্যান্য পণ্যের চারা গাছ কিনে আনছেন।
 
তিনি আরো বলেন, আমাদের দেশের জনসংখ্যা বাড়ছে। নগরায়ন বাড়ছে। উপজেলাগুলো শহরে পরিণত হচ্ছে।  এসব কিছু গাছপালা বৃদ্ধির অন্তরায় হলেও দেশের মানুষ বসে নেই। স্কুল, মাদ্রাসা, কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের আঙ্গিনায় বৃক্ষরোপণ হচ্ছে। এমনকি মানুষ বাড়ির ছাদ এবং বারান্দায়ও গাছ লাগাচ্ছে।
 
আনোয়ার হোসেন মঞ্জু বলেন, একসময় মানুষ মনে করতো গাছ কাটা ছাড়া বন বিভাগের আর কোন কাজ নেই। কিন্তু সে ধারণা এখন পাল্টেছে। নানা সীমাবদ্ধতার মধ্যেও আমরা এখন বন বিভাগের কিছু সফলতার কথা বলছি। তিনি দেশের নার্সারী বিপ্লবের কথা উল্লেখ করে বলেন, আগে একটি গাছ লাগালে ফলের জন্য ১০ থেকে ১২ বছর অপেক্ষা করতে হতো। এখন ফলসহ গাছ কেনা যায়। তবে নার্সারীর গাছের সঙ্গে তিনি প্রয়োজনীয় সার এবং কীটনাশক রাখারও পরামর্শ দেন।
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেন, বর্তমান সরকার বৃক্ষরোপণকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। প্রধানমন্ত্রী নিজেই জাতীয় বৃক্ষমেলার উদ্বোধন করেছেন। রাষ্ট্রপতিও গাছ লাগানোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিজেই গাছের চারা রোপণ করেছেন। জ্যাকব বলেন, বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলনে রূপ নিয়েছে যার ফলে দেশের বনভূমির পরিমাণ ৯ শতাংশ থেকে বেড়ে ১৪ শতাংশে উন্নীত হয়েছে। এই বনভূমিকে ২০ শতাংশে উন্নীত করার জন্য তিনি সকলের সহযোগিতা চান।
 
পরিবেশ ও বন সচিব ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, নানা প্রতিকূলতার মধ্য দিয়েও সরকার বৃক্ষরোপণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। দেশে নতুন নতুন বনভূমি সৃষ্টির মাধ্যমে বনায়ন কার্যক্রমকে আরো বেগবান করা হচ্ছে। এ কাজে তিনি সকলের সহযোগিতা চান।
 
প্রধান বন সংরক্ষক মো. ইউনুছ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি আনোয়ার হোসেন মঞ্জু চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীসহ বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর পুরস্কার বিজয়ীদের ক্রেস্ট উপহার দেন।
 
 

ইত্তেফাক/এএন