নেতাজি সুভাষ চন্দ্র বসুকে নাকি খুনের ছক কষেছিল ব্রিটিশ গোয়েন্দা সংস্থা? নেতাজি অন্তর্ধান সংক্রান্ত ২৫টি ফাইল প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সেখানেই এই দাবি করা হয়েছে। এতে বলা হয়েছে, ব্রিটিশ গোয়েন্দা সংস্থা সেই সময় নেতাজিকে ভারতে ঢোকার আগেই খুন করার পরিকল্পনা করেছিল। ভারতে থাকা তাদের এজেন্টদেরও তাকে খুন করার জন্য নির্দেশ দিয়েছিল; কিন্তু, ঘটনাক্রমে ওই বছরই নেতাজি জার্মানি চলে যাওয়ার ফলে ব্রিটিশ গোয়েন্দাদের সেই ছক ভেস্তে যায়।
গতকাল নেতাজি অন্তর্ধান সংক্রান্ত ২৫টি ফাইল প্রকাশ করে ভারতের কেন্দ্রীয় সরকার। ১৯৫১ থেকে ২০০৬ সাল পর্যন্ত এই অন্তর্ধান সংক্রান্ত নানা তথ্য রয়েছে ওই ফাইলগুলিতে। সেখানে বলা হয়েছে, নেতাজিকে খুন করার জন্য স্পেশাল অপারেশন কমিটি নামে একটি টিম গড়েছিল ব্রিটিশ গোয়েন্দা সংস্থা।
তাদের ওপরই এই কাজের ভার দেওয়া হয়। কারণ হিসেবে ওই ফাইলে বলা হয়েছে, ব্রিটিশ সরকার ওই সময় নেতাজিকে ভয় পাচ্ছিল। শুধু ভারতে নয়, তাকে ইস্তাম্বুুল ও কায়রোতেও খুন করার চেষ্টা করেছিল ওই গোয়েন্দা সংস্থা। -জি নিউজ
ইত্তেফাক/এএন