মাগুরায় কোরবানির ঈদকে সামনে রেখে কামারপল্লি কর্মব্যস্ত হয়ে উঠেছে। দিন রাত চলছে ছুরি, দা, বটি ইত্যাদি তৈরির কাজ।
জেলার দড়ি মাগুরা, নতুন বাজার, গাংনালীয়া, কামারবাড়ী, আঠারখাদা, শক্রজিত্পুর, আড়পাড়া, বিনোদপুর, গঙ্গারামপুর প্রভৃতি গ্রামে কামারদের বসবাস। কামাররা ছুরি, বটি, দা, কাটারিসহ বিভিন্ন জিনিস তৈরি করেন। এদের কাজ মূলত কোরবানির ঈদের সময় বেশি হয়। এই সময় অনেকেই বাড়িতে পশু কোরবানি দেন। পর্যাপ্ত কসাই পাওয়া যায় না বলে অনেকেই বাড়িতে নিজেরা পশু ছাড়ান। এ সময় দরকার পড়ে মাংস কাটার দা ও ছুরির। আর সেগুলো তৈরি করেন কামাররা। তারা দেশিয় প্রযুক্তিতে লোহা আগুনে গরম করে পিটিয়ে তৈরি করেন দা, ছুরি প্রভৃতি। আবার অনেকে অর্ডার দেন তৈরির জন্য।
সারা বছর কামারদের যে কাজ হয় কোরবানির ঈদের সময় তার কয়েক গুণ বেশি কাজ হয়। একজন কর্মকার সারাদিন কাজ করে ২/৩শ’ টাকা আয় করেন। যা দিয়ে তাদের সংসার চলে। কিন্তু কোরবানির ঈদের সময় এ আয় বেড়ে যায় কয়েকগুণ। ফলে কামাররা এ সময়টার জন্য সারা বছর অপেক্ষায় থাকেন।
ইত্তেফাক/এএন