শ্রীবরদীতে বন্য হাতির আক্রমণে একজনের মৃত্যু

শেরপুরের শ্রীবরদী উপজেলা সীমান্তে হাতির আক্রমণে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
 
বৃহস্পতিবার রাতে উপজেলার সীমান্তবর্তী ঝুলগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। মৃত দুদু মিয়া (৫০) ওই গ্রামের মৃত বক্তার মিয়ার ছেলে।
 
পুলিশ জানায়, সীমান্তে বেশ কিছুদিন ধরে বন্য হাতির উপদ্রুব বৃদ্ধি পাওয়ায় ওই এলাকায় গ্রামবাসী পর্যবেক্ষণ টাওয়ারে (টং ঘর) নিয়মিত অবস্থান করে রাতে পাহারা দিচ্ছে। বৃহস্পতিবার রাতে ঝুলগাঁও গ্রামে এমনই একটি পর্যবেক্ষণ টাওয়ারে পাহারারত অবস্থায় দুদু মিয়া ঘুমিয়ে পড়েন। শেষ রাতের দিকে একদল বন্য হাতি ওই এলাকায় প্রবেশ করে টং ঘরে আক্রমণ চালিয়ে দুদু মিয়ার মাথা ও বুকে আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। শুক্রবার সকালে ঘটনাস্থলে তার লাশ পাওয়া যায়।
 
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস আলম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।