রাজধানীতে অজ্ঞান ও মলম পার্টির ২১ সদস্যের কারাদণ্ড

 
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অজ্ঞান ও মলম পার্টির ২১ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের ছয় মাস থেকে দুই বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।  ঢাকা মহানগর এলাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান এই সাজা প্রদান করেন।
 
শুক্রবার গাবতলী বাসস্ট্যান্ড, মহাখালী বাসস্ট্যান্ড, শাহবাগ ও যাত্রাবাড়ি এলাকায় পৃথক অভিযান চালিয়ে অজ্ঞান ও মলম পার্টির এ সদস্যরদের গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ঘুমের ওষুধ, চেতনানাশক আচার, ভেজষ হালুয়াসহ বিপুল পরিমাণ ওষুধ সামগ্রী উদ্ধার করা হয়েছে।
 
ভোরে দারুস সালাম থানাধীন গাবতলী বাসস্ট্যান্ড এলাকায় ডিএমপির গোয়েন্দা (পশ্চিম) বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী, পেশাদার খুনি দমন টিম অভিযান চালিয়ে অজ্ঞান ও মলম পার্টির সক্রিয় ৪ সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হল- রাজিব বণিক, আব্দুর রউফ শেখ, মো. আওলাদ হোসেন ও মো. আনোয়ার হোসেন। এ সময় তাদের নিকট থেকে অজ্ঞান কাজে ব্যবহূত বিপুল পরিমাণ চেতনানাশক ঔষধ উদ্ধার করা হয়।
 
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা ঢাকা মহানগরীর বিভিন্ন রুটে চলাচলকারী বাসে নিজেরা যাত্রী বেশে ভ্রমণ করে এবং যাত্রীদের অজ্ঞান করে সর্বস্ব লুটে নেয়।
 
তারা আরও জানায়, সেডিল ৫ এমজি, এপিট্রা ৫ এমজি, ট্রিপটিন ২৫ এমজি, ডরমিকাম ৭ দশমিক ৫ এমজি জাতীয় ঘুমের ওষুধ পানির সাথে মিশিয়ে ছোট কৌটার ভিতরে সংরক্ষণ করে নিজেদের কাছে রেখে দেয়। পরে কৌশলে তা চা-কফি, ডাব ও কোমল পানীয় ইত্যাদির সাথে ব্যবহার করে যাত্রীদের খাইয়ে অজ্ঞান করে সর্বস্ব লুঠে নেয়।
 
সকাল ৭টায় অপর এক অভিযানে রাজধানীর মহাখালী আন্তঃজেলা বাসষ্ট্যান্ড ও শাহবাগ যাদুঘরের সামনের এলাকা থেকে চেতনা নাশক ট্যাবলেট ও হালুয়াসহ অজ্ঞান পার্টির ১১ সদস্যকে গ্রেফতার করেছে ডেমরা জোনাল টিম।
 
গ্রেফতারকৃতদের মধ্যে মহাখালী থেকে বাবুল হোসেন, আজিম, সুজন,আবু সিদ্দিক ওরফে দেলু , ও লিটন মিয়াকে  এবং একই টিম সকাল সোয়া ৮টায় শাহাবাগ এলাকা থেকে সাগর, আকাশ , সুলতান বাদশা , রিপন, রুবেল মিয়া  ও জীবনকে  গ্রেফতার করে।
এ সময় তাদের নিকট থেকে ২৩টি হালুয়ার কৌটা, মিলান ৭ দশমিক ৫ লেখা ৩০ পিস এবং নোকটিন ৫ এমজি লেখা ৩৫ পিস ট্যাবলেট উদ্ধার করা হয়।
সকাল প্রায় ৯টায় আরেক অভিযানে ডিবি’র লালবাগ জোনাল টিম রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে অজ্ঞান পার্টির সংঘবদ্ধ চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হল-পলাশ মোল্লা , আব্দুল মান্নান, সুমন মিয়া , রফিকুল ইসলাম , ইদ্রিস সিকদার  ও মাসুদ শেখ।
 
ইত্তেফাক/এএম।