যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ

ফেনী সদর উপজেলায় যৌতুকের দাবিতে এক গৃহবধূকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত নার্গিস আক্তার (১৮) ওই এলাকার ভূঞা বাড়ির মো. ইউসুফের স্ত্রী।
 
শুক্রবার সন্ধ্যায় উপজেলার কাটা মোবারক ঘোনা গ্রাম থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। ইউসুফ ও তার বাড়ির লোকজন পলাতক রয়েছে।
 
নিহতের বাবা শাহজাহান জানায়, চলতি বছরের এপ্রিল মাসে নার্গিস ও ইউসুফ বিবাহবন্ধনে আবদ্ধ হন।
 
তার অভিযোগ, বিয়ের পর থেকেই ইউসুফের বাড়ির লোকজন যৌতুকের জন্য নার্গিসকে চাপ দিয়ে আসছিল এবং সম্প্রতি টাকার জন্য তাকে মারধর করা হয়।
 
তিনি বলেন, ‘বৃহস্পতিবার রাতেও নার্গিসের সঙ্গে ইউসুফ ও তার বাড়ির লোকজনের ঝগড়া হয়। এক পর্যায়ে তারা নার্গিসকে শ্বাসরোধে হত্যা করে ঘরের সিলিংয়ে লাশ ঝুলিয়ে রাখে। শুক্রবার দুপুরে ইউসুফের বাড়ির লোকজন ফোন করে শাহজাহানের বাড়িতে ‘নার্গিসের আত্মহত্যার’ খবর দেয়। এরপর শাজাহান থানায় খবর দিলে পুলিশ ইউসুফের বাড়ির একটি ঘর থেকে নার্গিসের লাশ উদ্ধার করে।
 
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোরশেদ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য  জেলা সদর হাসপতালে মর্গে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/এএসএমইউ