জাভেদের ব্যাটে ফাইনালে অল স্টার্স

মাস্টার্স ক্রিকেট কার্নিভালের (এমসিসি) ফাইনালে উঠেছে এক্সপো অল স্টার্স। জাভেদ ওমর বেলিমের ব্যাটে ভর করে কনফিডেন্স গ্রুপ ঢাকা বিভাগকে ৬ উইকেটে পরাজিত করে অল স্টার্স।
 
টস জিতে আগে ব্যাট করা ঢাকা বিভাগ মেহরাব হোসেন অপির আক্রমনাতœক ব্যাটিংয়ে ৭ উইকেট হারিয়ে ৯৭ রান সংগ্রহ করে। কিন্তু অপির সেই ইনিংস ম্লান হয়ে যায় জাভেদের ইনিংসের সামনে। ২৭ বলে ৪২ রানের ঝড়ো ইনিংস খেলে অল স্টার্সের জয় নিশ্চিত করেন জাভেদ।
 
প্রথমবারের মতো আয়োজিত এ ক্রিকেট কার্নিভালের সেমি ফাইনালে আজ সকাল সাড়ে ৯টায় শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দুই নম্বর গ্রাউন্ডে ঢাকা বিভাগ মুখোমুখী হয় অল স্টার্সের। বৃষ্টির কারনে ১৬ ওভারের ম্যাচ এক ওভার কমিয়ে আনা হয়েছিল। ব্যাট করতে নেমে শুরুতেই (দলীয় ৩ রানে) শাহরিয়ার বিদ্যুতের উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়া ঢাকাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকেন সুমন ও মেহরাব অপি। তবে দলীয় স্কোর বোর্ডে ৩৯ রান জমা করতেই ওপেনার সুমন ও অধিনায়ক দূর্জয় বিদায় নিলে ঢাকার রানের চাকায় কিছুটা মরচে ধরে। শেষ পর্যন্ত অপির ৫৭ রানে ভর করে ৭ উইকেট হারিয়ে ৯৭ রান সংগ্রহ করে ঢাকা বিভাগ। নিজের ৪৫ বলের ইনিংসে চারটি ছক্কা হাকিয়েছেন অপি।
 
৯৮ রানের লক্ষ্যে মাঠে নেমে ৩০ রানে ৩ উইকেট হারিয়ে বিপদের পড়ে যায় অল স্টার্স। কিন্তু চতুর্থ উইকেট জুঁটিতে ওপেনার জাভেদের সাথে হাল ধরেন লাবলু। জাভেদের ঝড়ো ব্যাটিংয়ে দিশেহারা হয়ে পড়ে ঢাকার বোলিং লাইন। ২৭ বলে দুই বাউন্ডারি ও সমান ওভার বাউন্ডারিতে নিজের নামের পাশে ৪২ রান জমা করে তিন বল হাতে রেখেই দলকে জয়ের বন্দরে নিয়ে যান জাভেদ।
 
ম্যাচ জয়ী ইনিংস খেলায় জাভেদ ওমরই হয়েছেন ম্যাচ সেরা। আগামী ৭ সেপ্টেম্বর হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে শিরোপা নির্ধারনী ম্যাচে অল স্টার্সের প্রতিদ্বন্দি জেমকন খুলনা।
 
ইত্তেফাক/এমএইচ