বাহুবলে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১৫

হবিগঞ্জের বাহুবল উপজেলায় জায়গা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো ১৫ জন।
 
শনিবার সকাল নয়টায় উপজেলার স্নানঘাট ইউনিয়নের শ্যমপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
 
এলাকাবাসী জানায়, শ্যামপুর গ্রামের সুশীল সূত্রধরের সঙ্গে কিছু জায়গা নিয়ে প্রতিবেশী পরিতোষ সূত্রধরের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শনিবার সকালে এনিয়ে উভয়পক্ষের মধ্যে বাক্বিতণ্ডা হয়। এক পর্যায়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের ১৫ জন আহত হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে অপু সূত্রধর নামে এক আহতকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করানো হয়। এই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।
 
বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মনির হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এএসএমইউ