খুলনায় অপদ্রব্য পুশকৃত আড়াই হাজার কেজি বাগদা ও গলদা চিংড়ি এবং পুশের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে।
শনিবার বিকেলে পূর্ব রূপসা ঘাটে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে মৎস্য ও মাননিয়ন্ত্রণ দপ্তর এবং র্যাব যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
আটককৃতরা হলেন- মো. ইব্রাহিম খলিল (২৪), শরিফুল ইসলাম (২০), নাসির শেখ (২০), আবুল ফজল (৪০) ও মো. একরামুল হক (৫০)।
র্যাব জানায়, গোপন খবরের ভিত্তিতে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট মো. আতিকুল ইসলামের নেতৃত্বে রুপসা উপজেলার পূর্ব রূপসা ঘাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় স্থানীয় শাফায়েত চৌধুরী ও নূর ইসলামের পরিচালনাধীন মেসার্স চৌধুরী ফিস এবং মো. ইব্রাহিমের মালিকানাধীন মেসার্স আপ্সরি জ্যোতি ফিস নামক দুটি প্রতিষ্ঠান থেকে প্রায় আড়াই হাজার কেজি বাগদা ও গলদা চিংড়ি এবং সিরিঞ্জ ও জেলিসহ পুশের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
র্যাব-৬ খুলনার স্পেশাল কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এনায়েত হোসেন মান্নান বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।