জয়পুরহাটের কালাই উপজেলার পাঁচশিরা থেকে মাত্রাই এবং কালাই বাসস্ট্যান্ড থেকে ক্ষেতলাল সংযোগ সড়ক দু’টি দীর্ঘ ৫ বৎসর যাবত বেহাল অবস্থা হওয়ায় চরম ভোগান্তি পোহাচ্ছেন ঐসব এলাকার দুই লক্ষাধিক জনগণ। ব্যস্ততম ও জন গুরুত্বপূর্ণ ঐ সড়ক দুটি দীর্ঘ দিন ধরে সংস্কারের অভাবে কার্পেটিং উঠে গিয়ে ইটের খোয়া ও বালু বের হয়ে সড়ক জুড়ে অসংখ্য ছোট-বড় গর্ত হয়েছে আর সেই সঙ্গে চলাচলের অনুপযোগী হয়ে মরণ ফাঁদে পরিণত হয়েছে।
সরেজমিনে গিয়ে ঐ এলাকার ভুক্ত ভোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার পাঁচশিরা থেকে মাত্রাই ইউনিয়ন পর্যন্ত এবং কালাই বাসস্ট্যান্ড থেকে ক্ষেতলাল উপজেলা পর্যন্ত সংযোগ সড়ক দু’টি ৫ কিলোমিটার করে মোট ১০ কিলোমিটার। জন গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম ঐ সড়ক দু’টি দীর্ঘ দিন ধরে মেরামত বা সংস্কার ও কর্তৃপক্ষের নজরদারীর অভাবে কার্পেটিং উঠে গিয়ে ইটের খোয়া ও বালু বের হয়ে সড়ক জুরে অসংখ্য ছোট-বড় গর্তে ভরপুর হয়েছে। একটু বৃষ্টি হলেই গর্তগুলোতে পানি জমে কাদা-মাটি সৃষ্টি হয়ে সড়ক দু’টি বিপদজনক হয়ে থাকে।
ঐ সড়ক দু’টিতে প্রতিদিন যানবাহন ও মানুষ চলাচলের সময় প্রায় ছোট-খাটো দুর্ঘটনা লেগে থাকে। তাছাড়া ঐ সড়ক দু’টি মানুষের চলাচলের মরণ ফাঁদে পরিণত হয়েছে এবং যে কোন দিনে যে কোন সময়ে খুব বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ ঐ সড়ক দু’টি দিয়ে প্রতিদিন হাজার-হাজার মানুষ এবং শত শত ট্রাক, বাস, পিক-আপ ভ্যান, সিএনজি, টেম্পো, ইজি বাইক, ভ্যান, অটো ভ্যান, নছিমন-করিমন ও বিভিন্ন কৃষিপণ্যবাহী ছোট-বড় যানবাহন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী, বিভিন্ন অফিসগামী ও ব্যবসা প্রতিষ্ঠানের লোকজন, বিভিন্ন ধরনের রোগী চলাচল করে থাকে।
এ ছাড়া ঐ সড়ক দু’টি দিয়ে প্রতিদিন ঐসব অঞ্চলের কৃষকদের কষ্টের উৎপাদিত ধান-আলু এবং বিভিন্ন পণ্য সামগ্রী স্থানীয় হাট বাজারসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলাতে সরবরাহে চরমভাবে বিঘ্ন ঘটছে। এই কারণে ঐ সড়ক দু’টি দীর্ঘ ৫ বছর যাবত চলাচলের অনুপযোগী হওয়ায় ঐসব অঞ্চলের প্রায় দুই লক্ষাধিক জন সাধারণ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
এ বিষয়ে কালাই উপজেলার এলজিইডির প্রকৌশলী এ কে এম নুরুল ইসলাম বলেন, ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে ঐ সড়ক দু’টি দেখে মাপযোগ করে গেছেন। এখন সড়কটি ঠিক হওয়া সময়ের ব্যাপার। আর সময় সাপেক্ষে ঐ সড়ক দু’টি সংস্কারের কাজ হবে।
কালাই উপজেলা চেয়ারম্যান মো. মিনফুজুর রহমান মিলন বলেন, পাঁচশিরা থেকে মাত্রাই এবং কালই বাসস্ট্যান্ড থেকে ক্ষেতলাল সড়ক দু’টি তালিকা করে আমাদের জয়পুরহাট-২ আসনে সংসদ সদস্যকে দেয়া হয়েছে, ইনশাল্লাহ সংস্কারের কাজ খুব দ্রুতই হবে।
ইত্তেফাক/আরএ