গাজীপুরে ব্যবসায়ী হত্যায় ৫ জনের ফাঁসি

 
গাজীপুরে হত্যা মামলায় পাঁচজনের ফাঁসি ও একজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। গাজীপুরের জেলা ও দায়রা জজ একেএম এনামুল হক রবিবার দুপুর ২টার দিকে এ রায় ঘোষণা করেন। 
 
একই সঙ্গে যাবজ্জীবন প্রাপ্ত আসামিকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়।
 
ফাঁসি দণ্ডপ্রাপ্ত আসামিরা হচ্ছেন- গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকার বাসিন্দা ইয়াকুব আলী (২৭), আবদুল হান্নান (২৮), দেলোয়ার হোসেন দেলু (২৮), মনির হোসেন (২৫), ইকবাল হোসেন (২৫)।
 
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত হলেন মাসুদ ওরফে মাইকা (২০)।
 
গাজীপুর আদালতের পিপি অ্যাডভোকেট হারিছ উদ্দিন জানান, ২০০৮ সালের ১৭ জুন গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকার নুরুল ইসলামের ছেলে মাটি ব্যবসায়ী আবু সায়িদকে (৪২) পূর্ব শত্রুতার জেরে আসামিরা শ্বাসরোধে হত্যা করে। পরে তার লাশ বাড়ির কাছে রেল স্টেশনের ফেলে রেখে পালিয়ে যায়। পরদিন জয়দেবপুর থানার পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল মর্গে পাঠায়।
 
এ ঘটনায় নিহতের বাবা জয়দেবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে ২০০৯ সালের ৭ সেপ্টেম্বর আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ শুনানি শেষে এ রায় দেয় আদালত।
 
রাষ্ট্রপক্ষে অ্যাডভোকেট হারিছ উদ্দিন ও আসামি পক্ষে অ্যাডভোকেট শহিদুজ্জামান শুনানি করেন।
 
 
ইত্তেফাক/কেকে