ঘোড়াঘাটে জমিজমা নিয়ে সংঘর্ষে গৃহবধূর মৃত্যু

দিনাজপুরের ঘোড়াঘাটে জমিজমার মালিকানা নিয়ে বিবাদমান দুই পক্ষের মধ্যে সংঘর্ষে গত শনিবার রাত ১০টায় আলেয়া বেগম (৩৮) নামে এক গৃহবধূর মৃত্যু ঘটেছে। আলেয়া বেগম উপজেলার হাটপাড়া গ্রামের আলম মিয়ার স্ত্রী। 
 
জানা গেছে, ঘটনার দিন সকালে ঐ গ্রামের সাহাদৎ ইসলাম নিজ বসতভিটায় নতুন ঘর নির্মাণ করতে গেলে একই গ্রামের ইনছের আলীসহ তার লোকজন বাধা দিয়ে মারপিট করে। এতে আলেয়া বেগম গুরুতর আহত হলে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আলেয়া বেগম রাত ১০টায় মারা যান।
 
নিহত আলেয়া বেগমের স্বামী আলম মিয়া বলেন, ইনছার আলীসহ তার লোকজন জোরপূর্বক তার ছোটভাই শাহাদৎ ইসলামের ঘর নির্মাণ কাজ বন্ধ করে দিয়ে মারপিট করে। এ সময় তার স্ত্রী আলেয়া বেগম বাধা দিতে গেলে ইনছার আলীসহ কয়েকজন তাকে ধরে নিজ বাড়ি নিয়ে গিয়ে মারপিট করে গুরুতর আহত করে। তাদের মারপিটের কারণেই তার স্ত্রী আলেয়া বেগমের মৃত্যু ঘটেছে।