'সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল করি, শান্তিপূর্ণ দেশ গড়ি'

'সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল করি, শান্তিপূর্ণ দেশ গড়ি' এই স্লোগানকে সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে রবিবার সকালে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
 
বিশ্ববিদ্যালয় প্রশাসন এই প্রতিবাদ সভার আয়োজন করে। এতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেয়।
 
এই সভায় প্রধান অতিথি'র বক্তৃতায় উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, 'সন্ত্রাস ও জঙ্গিবাদের মূলোৎপাটন করতে হলে জাতীয়ভাবে ঐক্যবদ্ধ হতে হবে এবং সন্ত্রাস ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা বন্ধ করতে হবে।'
 
তিনি আরো বলেন, 'শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহে জঙ্গিবিরোধী মতবাদ সৃষ্টি করতে হবে। এছাড়া সমাজের প্রগতিশীল লেখক, শিল্পী, সমাজকর্মীদের তাদের লেখনী ও কর্মের মাধ্যমে সন্ত্রাস বিরোধী জনসচেতনতা বৃদ্ধি করতে হবে।'
 
এসময় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো: নূরে আলম আব্দুল্লাহ, রেজিস্ট্রার প্রকৌশলী মো: ওহিদুজ্জামান, নীলদলের সভাপতি অধ্যাপক ড. মো: আইনুল ইসলাম, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন আহমদ, সভাপতি কর্মকর্তা সমিতির সভাপতি ড. সৈয়দ আহম্মদ, ছাত্রলীগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এফ এম শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক এস এম সিরাজুল ইসলাম প্রমুখ বক্তব্য প্রদান করেন।
 
প্রতিবাদ সভা সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয় প্রোক্টর ড. নুর মোহাম্মাদ। এসময় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা জঙ্গিবাদকে 'না' বলেন এবং অসাম্প্রদায়িক দেশ গড়ার শপথ নেন।-বাসস।
 
ইত্তেফাক/এসএস