এফএম রেডিওতে একজন আরজে হিসেবে দীর্ঘদিন ধরেই সবার মন জয় করে চলেছেন টুটুল জহিরুল ইসলাম। বর্তমানে তিনি রেডিও টুডেতে ‘এফএম মামা’ নামের একটি শো করছেন, এর আগে তিনি ছিলেন রেডিও আমার- এ। রেডিওতে কাজ করার পাশাপাশি তিনি সঙ্গীতের সঙ্গেও যুক্ত দীর্ঘদিন ধরে। তার প্রথম একক এ্যালবাম ‘তোকে পাওয়ার সম্ভাবনা’র বেশ কিছু গান এরই মধ্যে শ্রোতা মহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। এছাড়া, জনপ্রিয় কয়েকজন শিল্পীর বিপরীতে ডুয়েট করেও প্রশংসিত হয়েছেন টুটুল। সঙ্গীতপ্রেমীদের জন্য এবার দারুন এক খুশির খবর নিয়ে এলেন। ঈদে টুটুল নিজের সুরে নিয়ে এলেন আনন্দের গান ‘লাজুক হাসি’। মাসুদ আহমেদ- এর কথায় আর রিমু বিপ্লবের সংগীতায়োজনে আইটেম ধারার এই গানটি এবারের ঈদের আনন্দ অনেকগুণ বাড়িয়ে দেবে এমনটাই মনে করেন শিল্পী নিজে।
নতুন গান ‘লাজুক হাসি’ সম্পর্কে শিল্পী টুটুল বলেন, ‘এই গানটা শুনলে যে কারো মন ভাল হয়ে যাবে, দলবেঁধে ছেলে মেয়েরা আনন্দ করে গানটা শুনবে এবং নাচবে। দিনশেষে নির্ভেজাল আনন্দ খুব প্রয়োজন। আর আমাদের দেশে ছেলেদের কণ্ঠে এই ধরণের আইটেম গানের সংখ্যা খুব কম। পাশের দেশের গান দিয়েই আমাদের নাচতে হয়। তাই এবার নিজের দেশের গান দিয়েই হবে ঈদের আনন্দ।