পাকিস্তানের পর দুঃখ প্রকাশ তুরস্কের

মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা মীর কাসেম আলীর ফাঁসি কার্যকর করায় মর্মাহত হয়েছে তুরস্ক। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। এর আগে পাকিস্তান গভীরভাবে মর্মাহত হয়েছে বলে বিবৃতি দিয়েছে।
 
তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে মীর কাসেম আলীকে জামায়াতে ইসলামীর প্রধান অর্থ জোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, আমরা (তুরস্ক) দুঃখের সঙ্গে জানতে পেরেছি জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাশেম আলীর বিরুদ্ধে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জারি করা মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। আমরা জোর দিয়ে বলছি, এ পদ্ধতিতে অতীতের ক্ষত সারানো যাবে না। আমরা আশা করি এই ভুল চর্চা বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণের মধ্যে বিভেদ ছড়াবে না।
 
উল্লেখ্য, শনিবার রাতে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে একাত্তরের মানবতাবিরোধী অপরাধী জামায়াত নেতা মীর কাসেমের ফাঁসি কার্যকর করা হয়। এরপরই বিবৃতি দিয়ে প্রতিক্রিয়া জানায় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।