ঈদে সিএমভির চমক ভরা আয়োজন

 
ঈদ-উল-আজহা উপলক্ষে বাড়তি চমক নিয়ে হাজির হচ্ছে দেশের অন্যতম অডিও-ভিডিও প্রযোজনা-পরিবেশনা প্রতিষ্ঠান সিএমভি (সেন্ট্রাল মিউজিক অ্যান্ড ভিডিও)। এবার উপলক্ষে এই ব্যানার থেকে প্রকাশ পাচ্ছে এক ডজন এক্সক্লুসিভ অডিও প্রজেক্ট।  দেশীয় শিল্পের পাশাপাশি বিশেষ চমক হিসেবে থাকছে ভারতের শিলাজিত্ ও রূপঙ্কর বাগচীর গানও।
 
সিএমভির প্রধান এসকে সাহেদ আলী বলেন, আমরা সংখ্যা এবং সস্তা জনপ্রিয়তার চেয়ে মানের প্রতি বেশি নজর দিয়ে আসছি শুরু থেকে। অডিও ইন্ডাস্ট্রির নানা প্রতিবন্ধকতার মাঝেও সেই চেষ্টা অব্যাহত রেখেছি। বাংলাদেশের শুদ্ধ বাংলা গানের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।
 
সিএমভির ব্যানারে তৈরি এবারের ঈদের উল্লেখযোগ্য অ্যালবামগুলো হলো-
 
IMG0
 
ফাহমিদা-সামিনা-রমা’র ‘একই স্বপ্ন’
সংগীতের দুই তারকা বোন ফাহমিদা নবী ও সামিনা চৌধুরী। ‘একই স্বপ্ন’ শিরোনামের একটি বিশেষ অ্যালবামে গেয়েছেন এই দুইবোন। আছেন সংগীতের আরেক প্রিয় মুখ শারমিন রমা। বিশেষ এই অ্যালবামটির সুর করেছেন বেলাল খান। গান লিখেছেন রবিউল ইসলাম জীবন ও নিহার আহমেদ।
 
মিনার-সভ্যতা-তানজীবের ‘শতেক ভুল’
মিনার, সভ্যতা ও তানজীব। প্রথমবারের মতো একই অ্যালবামে গান গেয়েছেন তারা। মাহমুদ মানজুরের কথা ও জয় শাহরিয়ারের সুর-সংগীতে অ্যালবামটির নাম ‘শতেক ভুল’। ঈদের আগে সিডি আকারেও প্রকাশ পাচ্ছে এটি।
 
IMG1
 
শিলাজিতের প্রথম গান ‘অসহায়’
পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী শিলাজিৎ। এবারই তিনি প্রথম বাংলাদেশে গাইলেন। দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী-সুরকার জয় শাহরিয়ারের সুরে এবং মাহমুদ মানজুরের কথায় এই গানটির শিরোনাম ‘অসহায়’।
 
এক যুগ পর পান্থ কানাইয়ের  ‘দেহখাঁচা’
২০০৩ সালের শেষদিকে সর্বশেষ একক অ্যালবাম ‘নৌকা জমিন নাটাই’ প্রকাশ করেছিলেন পান্থ কানাই। এক যুগেরও বেশি সময় পর আসছে তার অ্যালবাম ‘দেহখাঁচা’। গানের কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন, সুর করেছেন রাজেশ ঘোষ। সংগীতায়োজনে চিরকুটের ইমন চৌধুরী।
 
IMG2
 
ঐশীর তৃতীয় একক ‘হাওয়া’
‘ঐশী এক্সপ্রেস’ শিরোনাম নিয়ে প্রকাশ পেয়েছিল ঐশীর অ্যালবাম। সেই গান দিয়ে মুগ্ধ করেছিলেন সবাইকে। এবার ঈদে সিএমভি’র ব্যানার থেকে প্রকাশ পাচ্ছে তার পূর্ণাঙ্গ মৌলিক ফোক গানের নতুন অ্যালবাম। প্রদীপ সাহার কথায় ও নাজির মাহমুদের সুরে তৈরি এই অ্যালবামের নাম ‘হাওয়া’। গানগুলোর সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু ও ইমন চৌধুরী।
 
জয়ের সুরে রূপঙ্করের ‘আঁঁধারের বৃষ্টিতে’
জয় শাহরিয়ারের সুর-সংগীতে গেয়েছেন ভারতের জনপ্রিয় শিল্পী রূপঙ্কর বাগচী। ‘আঁঁধারের বৃষ্টিতে’ শিরোনামের এ গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন। আসছে ঈদে সিএমভির ব্যানারে সিঙ্গেল আকারে প্রকাশ করা হবে গানটি। পাশাপাশি এক্সক্লুসিভভাবে শোনা যাবে জিপি মিউজিকে।
 
IMG3
 
মিজানের একক ‘অন্য গ্রহের মানুষ’
প্রায় আট বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন মিজান। অ্যালবামের নাম ‘অন্য গ্রহের মানুষ’। সবগুলো গানের কথা-সুর করেছেন আহমেদ রাজীব। সংগীতায়োজন করেছেন মীর মাসুম ও আমজাদ হোসাইন। এতে একটি গানে মিজানের সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন বাংলাদেশি আইডলের আঁঁচল।
 
ছয় বছর পর বাবুর একক ‘হীরামন পাখি’
২০০৯ সালে ‘মনপুরা’ ছবির গানে কণ্ঠ দিয়ে ব্যাপক জনপ্রিয়তা পান অভিনেতা ফজলুর রহমান বাবু। প্রায় ছয় বছর আগে প্রকাশ করেছেন নিজের প্রথম একক ‘ডুবাডুবি’। মাঝে গান বাজারে লম্ব্বা বিরতি নিয়ে আবারও ফিরছেন তিনি। আসছে কোরবানির ঈদে সিএমভির ব্যানার থেকে প্রকাশ পাচ্ছে তার নতুন একক ‘হীরামন পাখি’। গানগুলোর সুর করেছেন নাজির মাহমুদ এবং সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু।
 
IMG4
 
এফ এ সুমনের বিশেষ ‘শূন্য ফলাফল’
আসছে ঈদে বিশেষ অ্যালবাম নিয়ে হাজির হচ্ছেন এফ এ সুমন। নাম ‘শূন্য ফলাফল’। মাত্র তিন গান দিয়ে সাজানো এই অ্যালবামের জন্য লিখেছেন জনপ্রিয় গীতিকার প্রদীপ সাহা। গানগুলোর সুর করেছেন অভি আকাশ এবং সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু।
 
বেলাল খানের ইপি ‘প্রেমানুভূতি’
বিশ্বসংগীতে তিন গানের অ্যালবামকে সাধারণত ইপি (এক্সটেন্ডেড প্লে) বলা হয়। যে ধারা সম্প্রতি বাংলাদেশেও চালু হয়েছে। সেই সূত্রে এবারই প্রথম ইপি অ্যালবাম নিয়ে আসছে ঈদে হাজির হচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী বেলাল খান। অ্যালবামটির নাম ‘প্রেমানুভূতি’। গানগুলোর সুর করেছেন বেলাল নিজেই। আর লিখেছেন প্রদীপ সাহা ও সোমেশ্বর অলি। অ্যালবামের একটি গানে বেলালের সঙ্গে গেয়েছেন কোনাল।
 
শিল্পী বিশ্বাসের ‘তালা’
ফোক-ফিউশন ঘরানার গায়িকা শিল্পী বিশ্বাসের নতুন অ্যালবাম ‘তালা’। গান লিখেছেন দেলোয়ার আরজুদা শরফ, নাজির মাহমুদ, পাগল জালাল ও শফিউদ্দিন শিকদার। আর সুর-সংগীতায়োজন করেছেন নাজির মাহমুদ, মুশফিক লিটু, আহমেদ কিসলু ও আব্দুল্লাহ খান।
 
 
ইত্তেফাক/এএসএস