বিচার বিভাগের পৃথক সচিবালয় হয়নি এখনো: বিচারপতি দস্তগীর

হাইকোর্টের জ্যেষ্ঠ বিচারক বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন বলেছেন, কোথাও কোথাও শোনা যায়, বিচার বিভাগ স্বাধীন হয়ে গেছে। কিন্তু বিচার বিভাগের পৃথক সচিবালয় এখনো হয়নি। প্রধান বিচারপতি বারবার তাগাদা দিচ্ছেন কিন্তু মন্ত্রণালয় কোন গুরুত্বই দিচ্ছে না। মন্ত্রণালয় তো আমাদের কথা শুনবে না, শুনবে সরকারের কথা। এই বিচার বিভাগের কথা কে শুনবে? 
 
রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন বিভাগের প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির (রুলা) ২২ বছর পূর্তি উৎসবে প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি দস্তগীর হোসেন এসব কথা বলেন। 
 
তিনি বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে আইনজীবীদের ‘নিষ্ক্রিয়তার’ বিষয়টি উল্লেখ করে বলেন, এ ব্যাপারে তারা এখন মাথাও ঘোরায় না। তারা ফি পায়, মামলা করে, বিচার বিভাগের স্বাধীনতার দরকার কি? কিন্তু আইনজীবীরা বিচার বিভাগের স্বাধীনতার জন্য একটুখানি কাজ না করলে এটি স্বাধীন হবে না। পৃথক সচিবালয় না হলে সঠিকভাবে মনিটরিং এবং অধস্তন আদালতকে নিয়ন্ত্রণ করা না গেলে পরিপূর্ণ স্বাধীন হতে পারবো না। 
 
বিচারপতি দস্তগীর বলেন, ১৫-১৬ কোটি মানুষের দেশে দুই-আড়াই হাজার জজ রয়েছে। কোর্ট রুম যেগুলো আছে, সেখানে সকালে এক কোর্ট বিকালে আরেক কোর্ট বসে। বসারও জায়গা নেই। এগুলো নিয়ে আপনাদেরও কিছু বলা দরকার। সবাই মিলে কাজ করলে আমরা স্বাধীন হতে পারবো। বিচার দিতে পারবো। 
 
রুলার সভাপতি অ্যাডভোকেট আমিনুল হক হেলালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কামাল জিয়াউল ইসলাম বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের বক্তব্য রাখেন, হাইকোর্টের বিচারপতি একেএম আসাদুজ্জামান, বিচারপপিত মো. এমদাদুল হক, সচিব জিল্লার রহমান প্রমুখ। 
 
 
 
ইত্তেফাক/এমআই