সংযোগ সড়ক না থাকায় সাঘাটা উপজেলার জুমারবাড়ী ইউনিয়নে স্থানীয় সরকার বিভাগের ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে নবনির্মিত দুটি ব্রিজ জনগণের কাজে আসছে না। ব্রিজের পরিবর্তে আগের মতো বিকল্প পথেই যাতায়াত করতে গিয়ে জনসাধারণকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
উপজেলার জুমারবাড়ী ইউনিয়নের আব্দুল হাইয়ের বাড়ির সামনে স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে ও গাইবান্ধা জেলা পরিষদের তত্ত্বাবধানে ২০ মিটার ফুট ব্রিজ নির্মাণ করা হয়। ওই ব্রিজের দেড়শ’ ফুট দূরেই একই খালের পূর্ব পাড়ের উপর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে সেতু/কালভার্ট নির্মাণ প্রকল্পের আওতায় জুমারবাড়ী ইউনিয়নের চান্দপাড়া পাকা রাস্তা হতে আব্দুর রউফ মণ্ডলের বাড়ির পাকা রাস্তার ভাঙায় ব্রিজ নির্মাণ করা হয়। পানি উন্নয়ন বোর্ডের খনন করা খালের উপর ও পাড়ের উপর ব্রিজ দুটির নির্মাণ কাজ ছয় মাস আগে সমাপ্ত করা হয়েছে। কিন্তু ব্রিজ দুটির সংযোগ সড়ক সংস্কারের অভাবে জনগণ স্বাভাবিক যাতায়াত করতে পারছে না। ভুক্তভোগী লোকজন আগের মতোই বিকল্প পথে চলাচল করতে গিয়ে দুর্ভোগের শিকার হচ্ছেন।
স্থানীয় আব্দুল হাই বলেন, ব্রিজ নির্মাণের কাজ দীর্ঘদিন আগে সমাপ্ত হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্রিজের সংযোগ সংস্কারের ব্যাপারের উদ্যোগ গ্রহণ করছে না। এদিকে সংযোগ সড়ক সংস্কার ও ব্রিজ উদ্বোধন না করেই একটি ব্রিজ গত ২৯ জুলাই ডেপুটি স্পিকারের উদ্বোধন দেখানো হয়েছে। অপরদিকে স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে নির্মিত ব্রিজটির ব্যাপারে বাস্তবায়নকারী সংস্থা গাইবান্ধা জেলা পরিষদের কর্মকর্তাদের সঙ্গে এ ব্যাপারে কথা বলার চেষ্টা করে সঠিক উত্তর পাওয়া যায়নি। দুটি ব্রিজের কাজ নিম্নমানের সামগ্রী দিয়ে সম্পন্ন করা হয়েছে এলাকাবাসীর জোরালো অভিযোগও রয়েছে।
তাছাড়া স্থানীয় ইউপি সদস্য সৈয়দজ্জামান জানান, অনেক টাকা ব্যয় করে ব্রিজ দুটি নির্মাণ হলেও সংযোগ সড়কের অভাবে চলাচলে বিঘ্ন ঘটছে।
সাঘাটা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুন্ডু জানান, সংযোগ সড়ক সংস্কারের ব্যাপারে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। বরাদ্দ পেলেই সংযোগ সড়ক সংস্কার করা হবে বলে তিনি জানান।
ইত্তেফাক/এএন