ইউরোপ সফরের অংশ হিসেবে এক সরকারি সফরে শনিবার নরওয়ের রাজধানী অসলো সফর করেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এ সময় তিনি নরওয়ে আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে এক সৌজন্য সাক্ষাত এবং সংক্ষিপ্ত মতবিনিময় সভায় যোগদান করেন।
নরওয়ে আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন মজুমদার মাননীয় পররাষ্ট্র মন্ত্রীকে স্বাগত জানান, সিনিয়র সহসভাপতি মোস্তাফিজুর রহমান খান, সাধারণ সম্পাদক মফিজুর রহমান এবং সহসভাপতি মোহাম্মদ মাসুম প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগের সুযোগ সুবিধা সহ বিভিন্ন দাবি দাওয়ার কথা তুলে ধরেন মন্ত্রীর কাছে।
উক্ত সভায় মাননীয় পররাষ্ট্র মন্ত্রী যুদ্ধাপরাধীর বিচার করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে ধন্যবাদ জানান, যুদ্ধাপরাধীদের বিচার, রামপাল বিদ্যুৎকেন্দ্র, প্রবাসীদের দেশে বিনিয়োগ সুবিধা সহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপের কথা জানান।
নরওয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী আহমেদ রুবায়েত শরীফ, ক্রমবর্ধমান বিশ্ববাজারে প্রকৌশলীদের চাহিদা পূরণের লক্ষে চীন, ভারত সহ বিভিন্ন দেশের মত বাংলাদেশেরও দক্ষ প্রকৌশলীদের বিশ্ববাজারে সহজে প্রবেশের বিষয়ে বাংলাদেশ সরকারের বিভিন্ন পদক্ষেপ নেয়ার বিষয়ে আরো আন্তরিক হওয়ার জন্য অনুরোধ করেন এবং মন্ত্রী এ ব্যাপারে আশ্বাস দেন।
বক্তারা যুদ্ধাপরাধী মীর কাসেম এর ফাঁসির রায় কার্যকর হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন ও যুদ্ধাপরাধীর পক্ষে পাকিস্তানের বিবৃতির তীব্র নিন্দা জানান এবং সেই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন গোলাম সারোয়ার (অ্যাম্বাসেডর, অ্যামবেসি অব বাংলাদেশ, স্টকহোম, সুইডেন), শহিদুর রহমান (অনারারি কনসাল অব বাংলাদেশ, অসলো, নরওয়ে); শাহ আসিফ রহমান (পরিচালক, পররাষ্ট্র মন্ত্রীর অফিস)। আরো ছিলেন নরওয়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ড. সবুজ মিয়া, সুপ্রিয় বড়ুয়া, রূপক চৌধুরী, ছাত্রলীগ নেতা ইমরান ইকবাল, রঞ্জিত দাশ সহ প্রমুখ।
ইত্তেফাক/আরএ