জয় দিয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করল সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইতালি। সোমবার ইসরাইলকে ৩-১ গোলে হারিয়েছে আজ্জুরিরা। নতুন কোচ জামপিয়েরো ভেনতুরার অধীনে এটাই ছিল তাদের প্রথম ম্যাচ। ইতালির জয়ে গোল তিনটি করেন গ্রাৎসিয়ানো পেল্লে, আনতোনিও কানদ্রেভা ও সিরো ইম্মোবিলে।
তবে হাইফায় আক্রমণাত্মক ফুটবল খেলে ইতালিকে চমকে দেয়ার চেষ্টা করে ইসরাইল। তবে ম্যাচের ১৪ মিনিটেই দলকে এগিয়ে নেন পেল্লে। পরে ৩১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কানদ্রেভা।
বেন বিটন জিয়াকোমো বোনাভেনচুরাকে ফাউল করলে পেনাল্টি পায় ইতালি। গোলরক্ষককে উল্টো দিকে পাঠিয়ে জাল খুঁজে নেন কানদ্রেভা।
খেলার ধারার বিপরীতে জর্জো কিয়েল্লিনির ভুলে ৩৫তম মিনিটে ব্যবধান কমায় ইসরায়েল। ইতালির ডিফেন্ডার বল হারানোর পর ঠাণ্ডা মাথায় বল জালে পাঠান তাল বেন চাইম। তাকিয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না জিয়ালুইনজি বুফনের।
৫৫তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে কিয়েল্লিনি মাঠ ছাড়লে ১০ জনের দল হয়ে পড়ে ইতালি। ফলে উজ্জ্বীবিত হয়ে উঠে ইসরাইল।
একের পর এক আক্রমণ করতে থাকা তারা। তবে ইতালির রক্ষণ আর বুফনের বারবারই বাধা হয়ে দাঁড়ান। ৮৩তম মিনিটে ইসরায়েলের জালে বল পাঠিয়ে ম্যাচ পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসেন ইম্মোবিলে।
ইত্তেফাক/এমএইচ