ঘরের মধ্যে স্লোগান না দিয়ে বিএনপি নেতা-কর্মীদের রাজপথে নামার আহ্বান জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৯ম কারামুক্তি দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
এ সময় মোশাররফ হোসেন দাবি করেন, বর্তমান সরকারের অবস্থা নড়বড়ে। তাই ঘরের মধ্যে স্লোগান না দিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে রাজপথে আন্দোলন করে সরকারের পতন ঘটাতে হবে।
তিনি বলেন, সরকারর বাঘের উপর সোয়ার হয়ে হয়ে বসে আছে। বাঘ একটু নড়াচড়া দিলেই সরকার পড়ে যাবে।আর বাঘের সামনে পড়বে আওয়ামী লীগের লোকেরা। তারা রক্ষা পাবে না। সরকার এ দেশের লোকজনের বিপক্ষে দাঁড়িয়েছে। এ সরকার জনগণের জনরোষে পড়বে।
বিএনপির এই নেতা বলেন, দুই মন্ত্রী শপথ ভঙ্গ করেছেন। সুপ্রিম কোর্ট তাদের শাস্তি দিয়েছেন। তারপরও সরকার তাদের বাদ দিচ্ছে না। তাদের বাদ দিলে প্রতিক্রিয়া কি হয় এই ভয়ে সামাল দিতে পারবে না।
আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মুহাম্মদ মুনির হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, সাইদুল ইসলাম পটু প্রমুখ।
ইত্তেফাক/আরএ