মেহেরপুরে প্রি অ্যাকটিভ সিমসহ দুই সিম ব্যবসায়ী আটক

প্রি অ্যাকভিট ১১টি সিমকার্ডসহ মেহেরপুরের ফতেপুর ও গাংনী শহরের দুই সিম ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সিম নিবন্ধন করতে আসা গ্রাহকদের আঙ্গুলের ছাপ ও জাতীয় পরিচয়পত্র চুরি করে সিম নিবন্ধন করে তা দুষ্কৃতিকারীদের কাছে বিক্রির অভিযোগে পুলিশ তাদেরকে আটক করে। আটকদের বিরুদ্ধে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে পুলিশ।
 
আটকরা হলেন, গাংনী শহরের কাথুলী মোড়ের সিম ব্যবসায়ী আক্তারুজ্জামান রানা ও সদর উপজেলার ফতেপুর গ্রামের সিম ব্যবসায়ী মামুন হোসেন।
 
অবৈধপন্থায় সিম নিবন্ধন করে তা উচ্চমূল্যে দুষ্কৃতিকারীদের কাছে বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় গাংনী শহরের নিজ দোকান থেকে রানাকে আটক করা হয়। সেখান থেকে বিভিন্ন নামে প্রি অ্যাকটিভ করা নয়টি রবি ও দুইটি বাংলালিংক সিম জব্দ করা হয়। রানার স্বীকারোক্তিতে তার সহযোগী মামুন হোসেনকে দুপুরে আটক করা হয়। তার কাছ থেকে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশন করার দুটি ডিভাইস জব্দ করা হয়েছে।
 
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, যাদের কাছে সিম বিক্রি করা হয়েছে তাদেরকেও আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।
 
ইত্তেফাক/এএসএমইউ