শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, 'দেশের বিপুল জনগোষ্ঠীকে যুগোপযোগী কারিগরি ও কর্মমুখী শিক্ষার মাধ্যমে বিশ্বমানের জনসম্পদ হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে।'
তিনি বলেন, 'সরকারের এ মহৎ প্রচেষ্টাকে সফল করতে কারিগরি শিক্ষাক্ষেত্রে সরকারি কারিগরি প্রতিষ্ঠানসমূহের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানসমূহের উদ্যোক্তাদের আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে।'
শিক্ষামন্ত্রী মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের তার দপ্তরে বেসরকারি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের উদ্যোক্তাদের সংগঠন-'বাংলাদেশ কারিগরি শিক্ষা কল্যাণ সমিতি'র নেতৃবৃন্দের সাথে আলাপকালে এ কথা বলেন।
সমিতির সভাপতি মোঃ নাজমুল ইসলাম এর নেতৃত্বে ১২ সদস্যের প্রতিনিধিদল বেসরকারি কারিগরি ও কর্মমুখী শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের উন্নয়নে বিভিন্ন প্রস্তাব শিক্ষামন্ত্রীর নিকট তুলে ধরেন। প্রতিনিধিবৃন্দ বেসরকারি কারিগরি প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণ, আইসিটি ল্যাব স্থাপন ও পাঠ্যপুস্তক প্রণয়নে উদ্যোগ গ্রহণের জন্য শিক্ষামন্ত্রীর প্রতি আহ্বান জানান।
বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের উন্নয়নে সরকারের পক্ষ থেকে সবধরনের উদ্যোগ গ্রহণের আশ্বাস দিয়ে নুরুল ইসলাম নাহিদ বলেন, 'সরকার সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে কোন পার্থক্য করে না। সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে পড়ুয়া সকল শিক্ষার্থী আমাদেরই সন্তান। তাদের প্রতি আমাদের সমান দায়িত্ব রয়েছে।'
ইত্তেফাক/এসএস