গ্লেন ম্যাক্সওয়েলের রেকর্ড সেঞ্চুরির উপর ভর করে টি টোয়েন্টি ইতিহাসের সর্বোচ্চ স্কোর ২৬৩ রান করেছে অস্ট্রেলিয়া। মঙ্গলবার পাল্লেকেল্লেতে শ্রীলংকার বিপক্ষে ৬৫ বলে ১৪৫ রান করেছেন ম্যাক্সওয়েল যা আন্তর্জাতিক টি টোয়েন্টি ইতিহাসের সর্বোচ্চ স্কোর।
সব ধরণের টি টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ স্কোরের রেকর্ড হয় ২০১৩ সালের আইপিএলের বেঙ্গালুরু রয়েল চ্যালেঞ্জার্স ও পুনে ওয়ারিয়র্সের ম্যাচে। ক্রিস গেইলের ১৭৫ রানের উপর ভর করে সেই রান তুলেছিল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেই রেকর্ডটিই ছুয়েছে অস্ট্রেলিয়া। আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সর্বোচ্চ স্কোর ছিল ২০০৭ ওয়ার্ল্ড টি টোয়েন্টিতে কেনিয়ার বিপক্ষে শ্রীলংকার ২৬০ রান। সেই শ্রীলংকাকে ছাড়িয়েই আন্তর্জাতিক টি টোয়েন্টির সর্বোচ্চ স্কোরের রেকর্ড করলো অস্ট্রেলিয়া।
পাল্লেকেল্লেতে টসে জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠায় শ্রীলংকা। প্রথমবারের মতো ওপেনিংয়ে নেমে গ্লেন ম্যাক্সওয়েল ব্যক্তিগত রেকর্ড করতে না পারলেও দলীয় রেকর্ডের মূল কারিগর তিনি। ওয়ানডে দল থেকে বাদ পড়ার পর দেশের হয়ে প্রথম ম্যাচ। ২০ ওভার খেলে বিস্ফোরক ইনিংসে ৬৫ বলে অপরাজিত ১৪৫! বিশ্বরেকর্ডটি এই ম্যাচে অস্ট্রেলিয়ার ডাগ আউটে থাকা অ্যারন ফিঞ্চের। ২০১৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে করেছিলেন ১৫৬!
এক সময় ক্রিকেটের তিন ফরম্যাটেরই সর্বোচ্চ স্কোরের রেকর্ড ছিল শ্রীলংকা। এক সপ্তাহ আগে পাকিস্তানের বিপক্ষে ৪৪৪ রান করে ওয়ানডের সর্বোচ্চ স্কোরের রেকর্ডটিও শ্রীলংকার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে ইংল্যান্ড। তবে টেস্টের সর্বোচ্চ স্কোরের রেকর্ডটির মালিক এখনো শ্রীলংকার (৯৫২)। ক্রিকইনফো।
ইত্তেফাক/এসএসএ