পদ্মা সেতু প্রকল্পে কাজ করার সময় মো.সোহেল (২২) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। মঙ্গলবার বিকালে লোহার ফ্রেমের চাপা পড়ে সে মারা যায়। নিহত সোহেল লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নয়নপুর গ্রামের মো.হোসেনের পুত্র। সে গতকাল পদ্মা সেতুর কাজে যোগ দিয়েছিল।
ঘটনার সত্যতা স্বীকার করে পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের জানান, সোহেল নামে এক নির্মাণ শ্রমিক লোহার ফ্রেমের নিচে চাপা পড়ে মারা গেছে। পদ্মা সেতুর কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ডে একটি পেন্টিং ওয়ার্কশপ নির্মাণের কাজ করছিল সোহেল। হঠাৎ তার উপর একটি লোহার ফ্রেম পড়ে যায়। আহত সোহেলকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসাপাতালে এ্যাম্বুলেন্স যোগে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎক সোহেলকে মৃত ঘোষণা করে।
লৌহজং থানার ওসি (তদন্ত) প্রাণবন্ধু বিশ্বাস রাত সাড়ে ১০টায় জানান, এ ব্যাপারে আমরা এখনও কিছু জানিনা। খোঁজ নিচ্ছি।
নিখোঁজ
এদিকে পদ্মার গোসল করতে গিয়ে সাইফুল ইসলাম (১৬) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। সে লৌহজংয়ে বান্দেগাঁও গ্রামের আবু সাঈদের পুত্র।
লৌহজং থানার ওসি (তদন্ত) প্রাণবন্ধু বিশ্বাস জানান, মঙ্গলবার দুপুরে মাওয়া পুরোনো ফেরি ঘাট এলাকায় এক বন্ধুকে নিয়ে গোসল করতে গিয়ে পদ্মার প্রচন্ড স্রোতের টানে সে নিখোঁজ হয়। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে মাওয়া নৌ পুলিশকে লিখিত জানানো হয়েছে।
ইত্তেফাক/এএন