জন্মদিনে মুস্তাফিজকে আইসিসির শুভেচ্ছা

২১ বছর পূর্ণ করলেন মুস্তাফিজুর রহমান। এর আগের জন্মদিনগুলো শিশু-কিশোর হিসেবে কাটালেও এই জন্মদিনটি এলো উচ্ছ্বাসে ভর করে। মুস্তাফিজুর রহমানের এই জন্মদিনে সাধারণ ভক্ত, তারকা খেলোয়াড়, কোচ থেকে শুরু করে হায়দরাবাদের মতো দল এবং খোদ আইসিসি থেকে অভিনন্দন জানানো হয়েছে। কারণ একটাই, এখন বিশ্বের সবচেয়ে রোমাঞ্চকর তরুণ ক্রিকেটার মনে করা হয় বাংলাদেশি এই পেস বোলারকে।
 
গত জন্মদিনেও জাতীয় দলের তারকা হয়ে ওঠেননি।   এর পর অভিষেক হওয়া মুস্তাফিজুর রহমান প্রথম দুই ওয়ানডেতে ১১ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড করে যাত্রা শুরু করেন। হয়ে ওঠেন বিশ্বের অন্যতম আকর্ষণীয় ক্রিকেটার। এরপর আইপিএল ও কাউন্টি ক্রিকেট মাতান তিনি।
 
গতকাল মঙ্গলবার অন্যদের পাশাপাশি আইসিসির পক্ষ থেকে তাদের অফিশিয়াল ফেসবুক পেজে লেখা হয়, ‘তিনি এমন একজন তরুণ ক্রিকেটার যিনি তার পারফরম্যান্স দিয়ে প্রথম টেস্ট ও ওয়ানডেতে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছে। এবং মাত্র দ্বিতীয় ক্রিকেটার যিনি প্রথম দুই ওয়ানডেতে পাঁচ উইকেট পেয়েছে। শুভ জন্মদিন মুস্তাফিজুর ‘দ্যা ফিজ’ রহমান।’
 
মুস্তাফিজের জন্য অবশ্য এই আনন্দের পাশে একটু বেদনাও আছে। কাউন্টির সীমিত ওভারের ক্রিকেট খেলতে গিয়ে ইনজুরিতে পড়ে অস্ত্রোপচার করাতে হয়েছে। এখন চলছে তার পুুনর্বাসন পর্ব। এ জন্য মিস করবেন তিনি ঘরের মাটিতে আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ। সেই সময়েই নিজের জন্মদিনে এমন উচ্ছ্বাস দেখে আনন্দই পেয়েছেন এই কাটার বয়। বললেন, ‘জীবনে ভালো-খারাপ, দুটো সময়ই আসবে। আর এটা তো খুব খারাপ না। একটা ইনজুরি হয়েছে, সেরেও যাবে। কষ্ট লাগে যে, দুটো সিরিজ খেলতে পারবো না। এমন সময়ে এইসব শুভেচ্ছায় খুব ভালো লাগছে। জন্মদিনের আনন্দের চেয়েও বড় কথা, অনেক মানুষের ভালোবাসা পাচ্ছি। এক সময় তো এরকম কল্পনা করতে পারিনি। এখন এতো মানুষ শুভেচ্ছা জানাচ্ছে! সবাইকে ধন্যবাদ।’
 
 
ইত্তেফাক/এএন