শহরাঞ্চলে মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী

মূল্যস্ফীতি কমে ৫.৩৭ শতাংশ

 
বিদায়ী আগস্ট মাসে সার্বিক মূল্যস্ফীতির হার পয়েন্ট-টু-পয়েন্ট হিসেবে কমলেও শহরাঞ্চলে মূল্যস্ফীতি বেড়েছে। মূলত মাছ-মাংস, ডিম, শাক-সবজি, মসলা, তেল, পরিধেয় বস্ত্র, জ্বালানি, বাড়ি ভাড়া, আসবাবপত্র-গৃহস্থালি, চিকিত্সা, পরিবহন, শিক্ষা উপ-খাতে পণ্যর দাম গত মাসের তুলনায় কিছুটা বাড়ায় শহরে মূল্যস্ফীতি হার ঊর্ধ্বমুখী লক্ষ্য করা গেছে। বিদায়ী আগস্টে শহরাঞ্চলে মূল্যস্ফীতির হার হয়েছে ৭ দশমিক ১৫ ভাগ। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে বিবিএস এর মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য প্রকাশ করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, আগস্টে মূল্যস্ফীতি কমে হয়েছে ৫.৩৭ শতাংশ যা গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন।
 
বিবিএস তথ্য অনুযায়ী, শহর অঞ্চলে আগস্টে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ৭ দশমিক ১৫ শতাংশ, যা আগের মাসে ছিল ৭ শতাংশ। শহরাঞ্চলে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ৩৯ শতাংশ, যা আগের মাসে ছিল ৬ দশমিক ১১ শতাংশে আর খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৭ দশমিক ৯৯ শতাংশ, যা আগের মাসে ছিল ৭ দশমিক ৯৮ শতাংশে।
 
এদিকে আগস্ট মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি কমে হয়েছে ৫ দশমিক ৩৭ শতাংশ, এর আগের মাসে অর্থাত্ জুলাই মাসে ছিল ৫ দশমিক ৪০ শতাংশ, আগস্টে খাদ্যে মূল্যস্ফীতি হয়েছে ৪ দশমিক ৩০ শতাংশ, যা জুলাইয়ে ছিল ৪ দশমিক ৩৫ শতাংশ। এছাড়া খাদ্য বহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি হয়েছে ৭ শতাংশ, যা আগের মাসে ছিল ৬ দশমিক ৯৮ শতাংশ।
 
বিবিএস তথ্য অনুযায়ী, আগস্টে গ্রামাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ৪ দশমিক ৪১ শতাংশ, যা তার আগের মাসে ছিল ৪ দশমিক ৫৪ শতাংশ। খাদ্য পণ্যে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৩ দশমিক ৪০ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৩ দশমিক ৫৯ শতাংশ। খাদ্য বহির্ভূত পণ্যে আগস্ট মাসে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ২৮ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৬ দশমিক ২৬ শতাংশ।
 
বিবিএসের কর্মকর্তারা জানান, পোশাক, জ্বালানি, বাড়ি ভাড়া, আসবাবপত্র-গৃহস্থালি, চিকিত্সা, পরিবহন, শিক্ষা উপ-খাতে পণ্যর দাম গতে মাসের তুলনায় কিছুটা বাড়ায় শহরে মূল্যস্ফীতি হার বেড়েছে। আগস্ট পর্যন্ত গত একবছরে গড় মূল্যস্ফীতি হয়েছে ৫ দশমিক ৭৭ ভাগ। এসময় জানানো হয়, গত জুলাই ও আগস্টে জাতীয় মজুরি বৃদ্ধি পেয়েছে যথাক্রমে ৬ দশমিক ১৩ ও ৬ দশমিক শূন্য ৬ ভাগ।