আবারো ব্রাজিলের ত্রাণকর্তা নেইমার

আবারো ব্রাজিলের ত্রাণকর্তা হিসেবে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন নেইমার। অলিম্পিক ফুটবলে ব্রাজিলকে প্রথমবারের মত স্বর্ণ পদক এনে দেয়ার পর বিশ্বকাপ বাছাই পর্বেও তার গোলে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন কলম্বিয়াকে ২-১ ব্যবধানে হারিয়েছে ব্রাজিল।
 
ব্রাজিলের মানাউসের আমাজোনিয়া স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার সকালে রাশিয়া বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের এই ম্যাচে শুরু থেকেও নিজেদের আক্রমাণত্মক ভাব বজায় রাখলেও বেশ কিছু সুযোগ নষ্ট করে স্বাগতিকরা।
 
ম্যাচ শুরুর দ্বিতীয় মিনিটেই অবশ্য গোলের বাঁশি শুনতে হয় কলম্বিয়াকে। নেইমারের কর্নারে মার্কার কার্লোস বাক্কাকে ফাঁকি দিয়ে লাফিয়ে কোনাকুনি হেডে বল জালে পাঠান মিরান্দা। ব্রাজিলের জার্সি গায়ে এটি তার প্রথম গোল।
 
৩৬তম মিনিটে আত্মঘাতী গোলে সমতায় ফেরে কলম্বিয়া। হামেস রদ্রিগেসের উঁচু পাস ডি-বক্সে হেডে বিপদমুক্ত করতে গিয়ে গোলরক্ষক আলিসনের মাথার উপর দিয়ে জালে জড়িয়ে দেন মারকিনিয়োস।
 
পুরো ম্যাচে দারুণ খেলা নেইমার ব্রাজিলকে এগিয়ে নেন ৭৪তম মিনিটে। কৌতিনিয়োর পাসে বল পেয়ে ডি-বক্সে ঢুকেই কোনাকুনি নীচু শটে এবার অসপিনাকে পরাস্ত করেন বার্সেলোনার এই তারকা ফরোয়ার্ড। দেশের হয়ে ৭২টি ম্যাচ খেলে নেইমারের গোল হলো ৪৮টি।
 
এই জয়ে আট ম্যাচে ব্রাজিলের পয়েন্ট ১৫। প্যারাগুয়ের বিপক্ষে ৪-০ গোলে জয় পাওয়া উরুগুয়ে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। কলম্বিয়ার পয়েন্ট ১৩। অন্যদিকে ব্রাজিলের সমান ১৫ পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে পিছিয়ে থেকে তৃতীয় অবস্থানে আছে আর্জেন্টিনা। অন্য ম্যাচে বলিভিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করা চিলির পয়েন্ট ১১।
 
দক্ষিণ আমেরিকা থেকে চারটি দল সরাসরি ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে খেলবে। পঞ্চম দলটির বিশ্বকাপে সুযোগ পেতে খেলতে হবে মহাদেশীয় প্লে-অফ।
 
ইত্তেফাক/আরএ