লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় মাদরাসা ছাত্র নিহত, আহত ২

লক্ষ্মীপুর সদর উপজেলায় আসাদ বিন আনোয়ার (১৯) নামের এক মাদরাসা ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় তার অপর দুই ভাই গুরুতর আহত হয়েছে।
 
বুধবার ভোরে উপজেলাধীন ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়কের চর চামিতা এলাকায় এ ঘটনা ঘটে। আসাদ চট্টগ্রাম বাইতুশ শরফ কামিল মাদরাসা থেকে এ বছর আলিম পাশ করেছেন। তিনি চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব আওলাদে রাসূল (সাঃ) সাইয়্যেদ মোহাম্মদ আনোয়ার হোসাইন তাহের জাবিরী আল-মাদানীর তৃতীয় ছেলে। আসাদের মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় পরিবারের সদস্যরাসহ আসাদ চট্টগ্রাম থেকে জিপে করে ঈদ করার জন্য রায়পুর উপজেলার হায়দরগঞ্জে বাড়িতে আসছিল। ভোর রাতের দিকে চর চামিতা এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে গেলে ঘটনাস্থলে আসাদ নিহত হন। স্থানীয় লোকজন আহত অবস্থায় উসামা (২৩) ও হামজাকে (১৫) উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করায়। পরে আশংকাজনক অবস্থায় তাদেরকে রাজধানীর এ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে চন্দ্রগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িটি জব্দ করে থানায় নিয়ে যায়।
 
ইত্তেফাক/এএসএমইউ