নোয়াখালীতে দিনমজুর সোহাগ হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্তদের ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছে। অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
বুধবার নোয়াখালীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয়) এএনএম মোর্শেদ খানের আদালত এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, নোয়াখালী শহরের হরিনারায়ণপুর এলাকার আবু তাহের, সোহাগ আহমেদ, আবদুর রহমান, দ্বীন ইসলাম ও জামাল উদ্দিন। দণ্ডপ্রাপ্ত পাঁচজনের মধ্যে আবু তাহের ও জামাল উদ্দিন এবং খালাসপ্রাপ্তরা আদালতে উপস্থিত ছিলেন।
মামলার বিবরণে জানা গেছে, ২০০৩ সালের ৪ আগস্ট শহরের হরিনারায়ণপুর এলাকার আবদুল মন্নানের ছেলে দিনমজুর সোহাগ (১৮) একই এলাকার আকবর হোসেনের কাছে মজুরি বাবত ৯০ টাকা পাওনা ছিল। এ টাকা আদায় করতে গিয়ে আকবর হোসেনকে মারধর করে সোহাগ। পরে আকবরের সহযোগীরা সোহাগের বাড়িতে হামলা করে তাকে পিটিয়ে ও বিদ্যুতের শক দিয়ে হত্যা করে। এ ঘটনার পর দিন সোহাগের বড় ভাই আবদুল কাইয়ুম বাদী হয়ে আটজনকে আসামি করে হত্যা মামলা করেন। মামলাটি প্রথমে গোয়েন্দা পুলিশ (ডিবি) ও পরে সিআইডি তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে। আদালত শুনানি শেষে অভিযোগ আমলে নিয়ে মামলা বিচার কাজ শুরু করে।
ইত্তেফাক/এএসএমইউ