ঢাকার যাত্রাবাড়ীতে অবৈধ ট্রাকস্ট্যান্ড উচ্ছেদে বাধা দেয়া এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটকে লাঞ্ছিত করার অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাজী হাবিবুর রহমান হাবুকে বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। মঙ্গলবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব খলিল আহমেদ স্বাক্ষরে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
গত ১ সেপ্টেম্বর যাত্রাবাড়ী এলাকায় মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের নিচে অবৈধ ট্রাক স্ট্যান্ড উচ্ছেদ করতে যায় সিটি করপোরেশন। কিন্তু উচ্ছেদ শুরুর আগেই শ্যামপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবুর নেতৃত্বে ট্রাক শ্রমিকরা মিছিল শুরু করলে গুরুত্বপূর্ণ ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
হাবিবুর রহমান হাবু সে সময় ট্রাক চালকদের উসকানি দিয়ে উচ্ছেদ কার্যক্রমে বাধা সৃষ্টি করেন এবং রাস্তায় যানচলাচল বন্ধ করে দেওয়ার হুমকি দেন বলে অভিযোগ ওঠে। উচ্ছেদ অভিযান পরিচালনাকারী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেটকে লাঞ্ছিতও করেন তিনি।
বিষয়টি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাইদ খোকনকে জানানো হলে তিনি তা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে অবহিত করেন। তার অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। এ বিষয়ে হাবিবুর রহমান হাবুর বক্তব্য জানার চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়। খবর বিডিনিউজের।
ইত্তেফাক/এএম।