৬৮ কৃতী শিক্ষার্থীকে স্বর্ণপদক দেবে রাবি

স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের ৬৮ কৃতী শিক্ষার্থীকে স্বর্ণপদক ও সনদ প্রদান করবে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। 
 
বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মুহম্মদ মিজানউদ্দিনের সভাপতিত্বে ২১ সদস্য বিশিষ্ঠ বিভিন্ন পুরস্কার  সংক্রান্ত স্থায়ী কমিটির ৪১তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। 
 
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার এএইচএম আসলাম হোসেন বলেন, আগামী ২১ সেপ্টেম্বর বুধবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ  ৬৮ কৃতী শিক্ষার্থীর হাতে স্বর্ণপদক ও সনদ তুলে দেবেন।
 
তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের আটটি অনুষদের স্নাতক (সম্মান) পর্যায়ে ২০১১, ২০১২, ২০১৩ ও ২০১৪ সালের পরীক্ষায় এবং স্নাতকোত্তর পর্যায়ে ২০১০, ২০১১, ২০১২ ও ২০১৩ সালের পরীক্ষায় প্রথম শ্রেণিসহ প্রথম স্থান অধিকারী ৬৪ জন শিক্ষার্থীকে অগ্রণী ব্যাংক স্বর্ণপদক ও সনদ প্রদান করা হবে। এ ছাড়া কলা অনুষদভুক্ত দর্শন বিভাগে স্নাতকোত্তর পর্যায়ে ২০১২, ২০১৩ ও ২০১৪ সালের পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকারী ৩ শিক্ষার্থীকে 'ড. মমতাজ উদ্দিন আহমেদ স্বর্ণপদক' ও সনদ এবং চিকিৎসা অনুষদে এমবিবিএস পর্যায়ে ২০১৫ সালের পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকারী শিক্ষার্থীকে ‘ডা. একে খান স্বর্ণ পদক' ও সনদ প্রদান করা হবে।
 
ইত্তেফাক/ইউবি