কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ছাত্রী ফাহমিদা হাসান নিশা বিস্ফোরণে দগ্ধ এবং পরে ঢামেকে মৃত্যুর ঘটনার মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কুমিল্লার কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের নির্দেশে বুধবার বিকালে এ মামলাটির নথিপত্র পিবিআইতে হস্তান্তর করা হয়। এ মামলাটি তদন্তের দায়িত্ব পেয়েছেন পিবিআই-কুমিল্লার পরিদর্শক রকিবুল ইসলাম। মামলা হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন সদর দক্ষিণ মডেল থানার ওসি নজরুল ইসলাম।
জানা যায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংলগ্ন সালমানপুর এলাকায় ‘প্রশান্তি’ নামের একটি ছাত্রী নিবাসে গত ২৩ আগস্ট বিস্ফোরণে ফাহমিদা হাসান নিশা দগ্ধ হন। ঢামেকের বার্ন ইউনিটে চিকিৎসাধীন গত ৪ সেপ্টেম্বর গভীর রাতে নিশা মারা যান।
এ ঘটনায় সদর দক্ষিণ মডেল থানার এসআই শহীদুল বাশার বাদী হয়ে দগ্ধ ছাত্রী ফাহমিদা হাসান নিশাকে প্রধান আসামি করে আরো ২ ছাত্রীর বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করেন। অপর ২ আসামি (ছাত্রী) হলেন- কুবির ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নুরুন্নাহার ও হিসাববিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মর্জিনা আক্তার।
মামলার প্রথম তদন্ত কর্মকর্তা ও সদর দক্ষিণ মডেল থানার এসআই খাদেমুল বাহার জানান, এ মামলার নতুন তদন্ত কর্মকর্তা পিবিআই-কুমিল্লার পরিদর্শক রকিবুল ইসলামের নিকট বিকালে মামলার যাবতীয় নথিপত্র হস্তান্তর করা হয়েছে।
ইত্তেফাক/ইউবি