চ্যাম্পিয়ন খুলনা মাস্টার্স

চার দিনের ক্রিকেট উৎসব শেষে শেষ হাসি হাসলো জেমকন গ্রুপ খুলনা মাস্টার্স। বুধবার মিরপুরের ফাইনালে এক্সপো অল স্টার্স মাস্টার্সকে হারিয়ে মাস্টার্স ক্রিকেট কার্নিভালের শিরোপা নিজেদের করে নিয়েছে হাবিবুল বাশারের দল খুলনা মাস্টার্স।
 
প্রথমে ব্যাট করে ১৮ ওভারে ৬ উইকেটে ১২৪ রান তোলে সেলিম শাহেদের দল অল স্টার্স। জবাবে ৪ উইকেট হাতে রেখ্ইে জয় তুলে নেয় খুলনা মাস্টার্স।
 
বর্তমান ক্রিকেটারদের অনেকেই এসেছিলেন খেলা দেখতে।  সবাই মজা করে একসাথে খেলা দেখছিলেন। কিন্তু যেই না খুলনার জয় নিশ্চিত হলো, সব খোলস ঝেড়ে ফেলে ছুট দিলেন মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসান। বোঝা গেলো যে, দিনশেষে পরিচয় যাই হোক, খুলনার নামটা কোথাও থাকলেই সেই দলের অংশ হয়ে যেতে সময় লাগে না মাশরাফি-সাকিবদের। হ্যা, মাশরাফি-সাকিবদের উত্তরসুরী হাবিবুল বাশার সুমনরা শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন।
 
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভাল্ইো শুরু করেন খুলনা মাস্টার্সের দুই ওপেনার জামাল বাবু ও অধিনায়ক হাবিবুল বাশার সুমন। ২৬ রানের জুটি গড়েন তারা। জামাল বাবু ১৭ রান করে ফিরলেও ম্যাচসেরা হাবিবুল বাশার সর্বোচ্চ ২৮ রান করেন। এছাড়া হারুনুর রশীদ ১৫, মোহাম্মদ সেলিম ১৫ ও সঞ্চয় চক্রবর্তী ১৪ রান করেন। আলী আরমান ৬ ও সুমন সাহা অপরাজিত ৭ রান করে খুলনার জয় নিশ্চিত করেন।
 
এরআগে ব্যাট করতে নেমে বড় স্কোর গড়তে পারেনি এক্সপো অল স্টার্স মাস্টার্স। ১৮ ওভারের ম্যাচে অলস্টার্স মাস্টার্স ৬ উইকেটে ১২৪ রান তোলে। অল স্টার্সের হয়ে জাভেদ ওমর বেলিম ও সোহেল হোসেন পাপ্পু ৩০ রানের জুটি গড়েন। জাভেদ ওমর ১৭ ও পাপ্পু সর্বোচ্চ ২৭ রান করেন। এছাড়া এহসানুল হক সেজান ১৪, আজম ইকবাল ২০ ও লাভলু রহমান ২৩ রান করেন।
 
বৃষ্টি মাথায়ই কক্সবাজার পর্বের খেলা হয়েছে। মিরপুরের ফাইনালেও ছিলো বেরসিক বৃষ্টির হানা। যদিও বৃষ্টির উৎপাতে বন্ধ থাকেনি মাস্টার্স ক্রিকেট কার্নিভালের ফাইনাল ম্যাচের খেলা। নির্ধারিত সময়েই মাঠে গড়ায় এক্সপো অল স্টার্স মাস্টার্স ও জেমকন গ্রুপ খুলনা মাস্টার্সের মধ্যকার খেলা।
 
ইত্তেফাক/এসএসএ