টঙ্গীতে ফুটওভারব্রিজের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

টঙ্গীতে রাস্তা পারাপারের সময় গত বুধবার স্কুলছাত্রী নিহত হওয়ার ঘটনার জের ধরে গতকাল বুধবার ঘটনাস্থলে ফুটওভারব্রিজ নির্মাণের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক আড়াই ঘন্টা অবরোধ করে রাখে সফিউদ্দিন সরকার একাডেমির শিক্ষার্থীরা।
 
ঘটনাস্থলে এসময় পুলিশের সাথে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। শিক্ষার্থীদের আড়াই ঘন্টা সড়ক অবরোধের কারণে বিমানবন্দর থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুইপাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় সাধারণ যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।
 
শিক্ষার্থীরা জানান, এই নিয়ে একই স্থানে সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছে। প্রতিবারই আমরা ফুটওভারব্রিজের দাবিতে আন্দোলন করলে প্রশাসন ও স্থানীয় মেয়র আমাদের দাবি মেনে নিয়েছেন বলে আশ্বাস দেন। কিন্তু পরে তারা অঙ্গীকারের কথা ভুলে যান। তাই ফুটওভারব্রিজ না দেয়া পর্যন্ত আমরা প্রতিদিন সড়ক অবরোধ করার মত আন্দোলন চালিয়ে যাবো। আমাদের শান্তিপ্রিয় আন্দোলনে টঙ্গী থানা পুলিশ হামলা চালিয়ে আমাদের দাবি আদায়ে আরো কঠোর আন্দোলন দিতে বাধ্য করছে।
 
পুলিশ সূত্রে জানা যায়, আমাদের পক্ষ থেকে শিক্ষার্থীদের উপর কোনো হামলা করা হয়নি। সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে তাদেরকে সড়ক থেকে সরিয়ে দেয়া হয়েছে।
 
গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরন জানান, শিক্ষার্থীদের ওভাব্রিজের দাবি মেনে নিয়েছি। চলতি বছরই শিক্ষার্থীদের দাবি পূরণ করা হবে।
 
 
ইত্তেফাক/এএন