পানির সঙ্গে যুদ্ধ করে চলছে তিনটি প্রাইমারি স্কুলের শিক্ষা কার্যক্রম

প্রতিবছর বর্ষার পানির সঙ্গে যুদ্ধ করে চলে পাবনার সুজানগরের তিনটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। বিদ্যালয় তিনটি হলো উপজেলার পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বস্তাল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শারীরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয় তিনটি উপজেলার ঐতিহাসিক গাজনার বিল বেষ্টিত হওয়ায় বিলে বর্ষার পানি আসামাত্র বিদ্যালয়ের চারপাশে পানি থৈ থৈ করে। এ সময় প্রকৃতপক্ষে মনে হয় বিদ্যালয় তিনটি গাজনার বিলের মাঝে অবস্থিত। বর্ষার প্রায় চার/পাঁচ মাস এসব বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদেরকে সীমাহীন দুর্ভোগ এবং ঝুঁকি মাথায় করে বিদ্যালয়ে যাতায়াত করতে হয়।
 
ফ্লাড লেবেল ভবনের এসব বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা কখনো নৌকা আবার কখনো ভেলায় করে যাতায়াত করে। অনেক সময় নৌকা এবং ভেলায় করে বিদ্যালয়ে যেতে ঝড় এবং বৃষ্টির কবলে পড়ে বই পুস্তক এবং জামা-কাপড় ভেজার পাশাপাশি নৌকা ডুবির উপক্রম হয়। এ সময় বিশেষ করে শিশু শ্রেণি থেকে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীরা ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে।
 
এ অবস্থায় অনেক অভিভাবক তাদের ছেলে-মেয়েকে নিয়মিত বিদ্যালয়ে পাঠানোর সাহস পায় না। এতে বর্ষার মৌসুমে বিদ্যালয় তিনটিতে শিক্ষার্থীর উপস্থিতি কিছুটা কমে যায়।
 
শিক্ষকরা জানান, বর্ষার মৌসুমে শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে আমরা নৌকা নিয়ে তাদের বাড়িতে বাড়িতে গিয়ে এ বিষয়ে উদ্বুদ্ধ করে থাকি। সে কারণে শিক্ষার্থীরা দুর্ভোগ, দুর্দশা এবং ঝুঁকিকে উপেক্ষা করেই বিদ্যালয়ে উপস্থিত হয়।
 
 
ইত্তেফাক/এএন