ব্যাংকে সাইবার নিরাপত্তা বাড়ানোর নির্দেশ

 
ঈদের দীর্ঘ ছুটিতে ব্যাংকে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ও সাইবার নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন দেশে কার্যরত সব ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে।
 
বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক আবু ফরাহ মো. নাছের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঈদুল আজহা উপলক্ষে এ বছর সরকারি ছুটি দীর্ঘ হওয়ায় ব্যাংকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার আবশ্যকতা দেখা দিয়েছে। বিশেষ করে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধ, সাইবার অপরাধ প্রবণতা বাড়ার কারণে ব্যাংক কোম্পানিগুলোর ব্যবসা কেন্দ্রের নিরাপত্তা আরও জোরদার করা প্রয়োজন।
 
এছাড়া ঘোষিত ছুটির দিনে ব্যাংকের প্রধান কার্যালয়, শাখা অফিস, এটিএম বুথসহ ব্যাংকের বিভিন্ন কার্যক্রমে সাইবার নিরাপত্তাসহ সার্বিব নিরাপত্তা জোরদারের নির্দেশ দেয়া হলো।