রাজশাহীর তানোর উপজেলার একটি বিদ্যালয়ের ল্যাব থেকে চুরি যাওয়া ১৬টি ল্যাপটপ উদ্ধার করছে পুলিশ। এ ঘটনায় জড়িত ১০ ছাত্রকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, বুধবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে নারায়ণপুর উচ্চ বিদ্যালয়ের ল্যাব থেকে চুরি হওয়া এসব ল্যাপটপ উদ্ধার করা হয়।
২৬ জুলাই বিদ্যালয়ের ল্যাব থেকে ল্যাপটপগুলো চুরি হয়। মঙ্গলবার সকালে বিদ্যালয়ের ১০ শ্রেণির এক ছাত্রকে আটক করলে সে চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। তার স্বীকারোক্তি অনুযায়ী মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে অন্যদের আটক এবং চুরি হওয়া ল্যাপটপগুলো উদ্ধার করা হয়।
আটকরা হলো, উপজেলার বিলশহর গ্রামের দেলজান আলীর ছেলে ও তানোর কলেজের ছাত্র রায়হান কবির (২০), আক্কাস আলীর ছেলে মিনহাজুল আবেদীন পলাশ (২১), চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট গ্রামের বড়াই কলেজের একাদশ শ্রেণির ছাত্র মুমিন (২০), একই গ্রামের একই কলেজের ছাত্র রাজু আলী (২১), দৌলতপুর গ্রামের শিবগঞ্জ ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র রুমন (২৩), একই গ্রামের কলেজ পড়ুয়া ইব্রাহিম (২১), বালিয়াদিঘি গ্রামের বাসিন্দা ও চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র মোশারফ হোসেন (২১)। অন্য তিনজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের নাম প্রকাশ করা হয়নি।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা আব্দুস সালাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এএসএমইউ